ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

প্রধান ফটকের সড়কে অসম ঢাল, ঝুঁকিতে রোগী

প্রধান ফটকের সড়কে অসম ঢাল, ঝুঁকিতে রোগী
×

আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে ঢালু সড়কটি- সমকাল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০৭:৪১ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ | ১০:৪২

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সড়কে তীক্ষ্ণ ঢাল থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। একাধিকবার সেখানে যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় প্রতিদিন শত শত রোগী ও সাধারণ মানুষকে ঝুঁকি নিয়েই হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে। 
রোগী ও তাদের স্বজনের সঙ্গে কথা বলে যানা যায়, প্রধান সড়ক থেকে হাসপাতালে যাওয়া-আসা করার সময় প্রধান ফটকের সামনে সড়কে অসম ঢাল রয়েছে। এ ঢালের কারণে সেখানে 
যানবাহন উল্টে যাওয়ার শঙ্কা রয়েছে। এ ছাড়া যানবাহনের ওই স্থান অতিক্রমকালে রোগীদের  তীব্র ঝাঁকুনির মুখে পড়তে হয়; যেটি অন্তঃসত্ত্বা নারীসহ অস্ত্রোপচার করা রোগীর জন্য বিপজ্জনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে প্রতিকার দাবি করেন তারা। 

শুক্রবার সরেজমিনে দেখা যায়, উপজেলার চরডাঙ্গা গ্রাম থেকে জরিনা বেগম নামে এক বয়স্ক নারীর চিকিৎসা শেষ করে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে তাঁকে বাড়িতে নিচ্ছিলেন স্বজনরা। হাসপাতালের ফটক পেরিয়ে প্রধান সড়কে উঠতে গিয়ে বিপত্তিতে পড়েন ভ্যানচালক। এ সময় ভ্যানের পেছন থেকে রোগীর দুজন স্বজন লাফিয়ে সড়কে নেমে যান। পরে তারা ভ্যানটি চেপে ধরে ভারসাম্য রক্ষা করতে চেষ্টা করেন, যেন এটি উল্টে না যায়। 

রোগীর স্বজন মুরাদ হেসেন বলেন, হাসপাতালের ফটকের সামনে সড়ক যে পরিমাণ ঢালু, যদি তারা ভ্যান থেকে নেমে এটি চেপে না ধরতেন তাহলে নির্ঘাত ভ্যানটি উল্টে যেত। হাসপাতালের সামনে সড়কের এমন ঝুঁকিপূর্ণ ঢালু থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। 
উপজেলার মিঠাপুর থেকে মহিন উদ্দিন এসেছেন পায়ে ব্যথা নিয়ে। সড়কের ঢালের এমন বেহাল দশা দেখে লাঠি ভর করে প্রধান সড়কে গিয়ে যানবাহনে ওঠেন তিনি। হাসপাতালের সামনে সড়কের এমন অসম ঢাল নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। দ্রুত সড়কের ঢাল সামঞ্জস্যপূর্ণ করতে সংশ্লিষ্টদের কাছে দাবি জানান তিনি। 
আলফাডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তিনি কথা বলেছেন। শিগগিরই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একজন উপসহকারী প্রকৌশলী সড়কটি পরিদর্শন করে সড়কের অসম ঢালের বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অল্পদিনের মধ্যে বিষয়টি সমাধান করা হবে। 

আরও পড়ুন

×