ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ফের আমা দাবালাম চূড়ায় ব্রিটিশ বাংলাদেশি আকি 

ফের আমা দাবালাম চূড়ায় ব্রিটিশ বাংলাদেশি আকি 
×

আকি রহমান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

দ্বিতীয়বারের মতো হিমালয় পর্বতমালার অন্যতম কঠিন চূড়া বলে খ্যাত নেপালের আমা দাবলাম স্পর্শ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পর্বতারোহী আকি রহমান। গত বুধবার নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে তিনি আমা দাবালামের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উড়িয়ে উল্লাস করেন। এর আগে ২০২১ সালেও আকি ছয় হাজার ৮৫৬ মিটার উঁচু এই চূড়ায় আরোহণ করেছিলেন। আকি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টেও দুইবার আরোহণ করেছেন। এ ছাড়া তিনি স্পর্শ করেছেন আরও বেশ কয়েকটি পর্বতশৃঙ্গ। 

আখলাকুর রহমান ওরফে আকি রহমানের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরের চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। তাঁর বাবা হাজি ইছকন্দর আলী ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী। সেখানেই তিনি মারা যান। পরিবারের সঙ্গে মাত্র দেড় বছর বয়সে আকি পাড়ি জমান যুক্তরাজ্যে। শৈশব কেটেছে ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে। পাঁচ ভাইয়ের মধ্যে আকি সবার বড়। স্ত্রী হেনা রহমান। দাম্পত্যজীবনে আকি ও হেনা দম্পতি তিন সন্তানের মা-বাবা।

আমা দাবালাম জয়ের বিষয়টি নিশ্চিত করে গতকাল শুক্রবার আকি রহমান ফোনে বলেন, ‘দেশের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পর্বত চূড়ায় পতাকা উড়িয়েছি। আমি আমার দেশকে খুব ভালোবাসি। এ অর্জন শুধু আমার একার নয়, আমার মাতৃভূমির সবার। সবার দোয়ায় আমি একসঙ্গে ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মিশনে রয়েছি।’ 
আকির খালাতো ভাই সামিনুর রহমান জানান, গত ১৬ সেপ্টেম্বর ১৪টি পর্বতশৃঙ্গ জয়ের মিশনের অংশ হিসেবে আকি যুক্তরাজ্য থেকে নেপালে আসেন। ২৫ সেপ্টেম্বর নেপালের মানাসলু জয়ের পর ১৫ অক্টোবর আমা দাবালাম শৃঙ্গ আরোহণ করেন। এর আগে দুইবার মাউন্ট এভারেস্ট ছাড়াও আকি ২০২০ সালে আফ্রিকার তানজানিয়ার সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট কিলিমানজারো, ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত মন্টব্লাঙ্ক, রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, রাশিয়ার কারবাদিনো-বলকারিয়া পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন। ২০২২ সালের ১৩ মে প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। ২০২৪ সালের ২২ মে দ্বিতীয়বারের মতো তিনি আরোহণ করেন মাউন্ট এভারেস্টের চূড়ায়। 
 

আরও পড়ুন

×