ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নবীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৫০

নবীগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৫০
×

প্রতীকী ছবি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১২:৫৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ | ১৩:১৬

হবিগঞ্জের নবীগঞ্জে বসতবাড়ির জায়গা নিয়ে দুই চাচাতো ভাইয়ের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষের একজন আব্দুল মতলিব, অপরজন কাদির মিয়া। তারা দু’জন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে বাড়ির জায়গার সীমানা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি কাদির মিয়ার গরুর ঘরের নোংরা পানি মতলিব মিয়ার জায়গায় প্রবাহিত হলে মতলিব মিয়া তা বন্ধ করে দেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে রাতের দিকে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৫০ জন আহত হন। তাদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে রয়েছেন- সালাম মিয়া (৬৫), কাদির মিয়া (৬০), ফরহাদ মিয়া (২০), জব্বার মিয়া (১৮), করিম মিয়া (৬৫), হাফিজ (২৫), রীনা বেগম (৫০), রিপা বেগম (২৫), রংফুল বিবি (৬০), এম সফর আলী (৩৮), আহমদ মিয়া (২৮), শামীম মিয়া (২৬), আব্দুল মতলিব (৭০), মাহমুদ মিয়া (২৪), আওয়াল মিয়া (৪০), আরজু মিয়া (৩৫), ফয়জুননেছা (৬০), আলামীন (৩৫), রাব্বুল মিয়া প্রমুখ।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

×