ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ময়মনসিংহে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালক-হেলপারের

ময়মনসিংহে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালক-হেলপারের
×

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর এলাকায় দুই মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ১৫:৫১ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ | ১৬:০৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর এলাকায় দুই মালবাহী ট্রাকের সংঘর্ষে এক চালক ও তার সহকারী নিহত হয়েছেন। তারা হলেন- চালক আল আমিন (২৮) ও তার হেলপার রাশেদুল (২৫)।

আজ মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে ত্রিশালের বৈলর বড়পুকুরপাড় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান।

স্থানীয় সূত্র ও পুলিশ ফায়ার সার্ভিস জানায়, ঢাকাগামী একটি মালবাহী ট্রাককে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা অপর একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং সংঘর্ষের তীব্রতায় ট্রাক দু’টি উল্টে যায়।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলেই ধাক্কা দেওয়া ট্রাকটির একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দু’জনই ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও তার সহকারী।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাশেদ আহমেদ জানান, নিহত দু’জনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তিনি বলেন, আমাদের এখানে দু’জনের মরদেহ রয়েছে। স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে। 

এস আই তারেক হাসান জানান, দুর্ঘটনার পর পরই ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি সড়ক থেকে সরানোর ব্যবস্থা করে। তবে ট্রাক দুটি উল্টে যাওয়ায় মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×