লিবিয়ায় আটক ১০৮ বাংলাদেশি
গৌরনদী-আগৈলঝাড়ার ৭০ জনকে ছাড়াতে দালালের বাড়িতে স্বজনের বিক্ষোভ
গৌরনদী মডেল থানা। ফাইল ছবি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ২৩:৫১
লিবিয়ান কোস্টগার্ডের হাতে আটক বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার ৭০ জনকে ছাড়াতে দালালের বাড়িতে বিক্ষোভ হয়েছে। গত শনিবার থেকে গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের ইতালিপ্রবাসী জাকির মোল্লার বাড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্বজনরা।
আন্দোলনকারীরা জানান, ইতালিপ্রবাসী জাকির মোল্লা, বগুড়ার মো. সাজু, কুষ্টিয়ার লিটনসহ চার দালাল মিলে ১৫ থেকে ১৮ লাখ টাকা নিয়ে ১০৮ বাংলাদেশি যুবককে সাগরপথে লিবিয়া থেকে ইতালি পাঠানোর ব্যবস্থা করেন। তাদের মধ্যে জাকির, সাজু ও লিটন গৌরনদীর ৬০ এবং আগৈলঝাড়ার ১০ যুবককে পাঠানোর দায়িত্ব নেন।
তিনটি স্পিডবোটে রওনা হওয়ার পর ২৩ সেপ্টেম্বর ভূমধ্যসাগরে তারা লিবিয়ান কোস্টগার্ডের হাতে ধরা পড়েন। এরপর তাদের র্যাংকিনা কারাগার-সংলগ্ন একটি গুদামে রাখা হয়।
সেখান থেকে বন্দিরা গুদামের তত্ত্বাবধায়কের মোবাইল ফোন থেকে স্বজনের কাছে আটক হওয়ার তথ্য জানান। এরপর স্বজনরা দালালদের সঙ্গে যোগাযোগ করে তাদের সন্ধান চান। কিন্তু কোনো তথ্য পাননি। এরমধ্যে গত শুক্রবার রাতে গৌরনদীর খাঞ্জাপুর গ্রামের মেহেদী হাসানসহ তিন যুবকের স্বজনরা কয়েক লাখ টাকা দিয়ে অন্য দালালের মাধ্যমে তাদের বন্দিশালা থেকে ছাড়িয়ে আনেন।
বিষয়টি জানাজানি হলে বাকি বন্দিদের স্বজন শনিবার সকালে গৌরনদীর দালাল জাকির মোল্লার বাড়িতে অবস্থান নিয়ে তাঁর মা ও বোনকে আটকে রেখেছেন। মঙ্গলবারও অবস্থান অব্যাহত রেখেছেন তারা।
এ ব্যাপারে জাকির মোল্লা বলেন, রোববার রাতে গৌরনদীর ২০ যুবককে গুদামের বন্দিশালা থেকে ছাড়িয়ে আমার সহযোগীদের হেফাজতে রাখা হয়েছে। বাকিদের মুক্ত করার চেষ্টা চলছে।
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, সামাজিক মাধ্যমে মানব পাচারকারীর বাড়িতে স্বজনদের বিক্ষোভের খবর তারা দেখেছেন। ভুক্তভোগীদের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
