অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে ১১ বাংলাদেশি গ্রেপ্তার
বিজিবি সদস্যরা ১১ জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক করে থানায় হস্তান্তর করে। ছবি: সংগৃহীত
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ০২:৪১
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে বাল্লা সীমান্তের টেকারঘাট এলাকা দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন- মেহেদী হাসান, জাকিরুল ইসলাম, মিলন শেখ, শুখচান, রাসেল আলী, জসিম আলী, ফারুক মিয়া, মামুনুর রশীদ, বাবর আলী, সাদেকুর রহমান ও সঞ্জিত বৈদ্য। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় টহলরত বিজিবি সদস্যরা টেকারঘাট সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে কয়েকজনকে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখে আটক করে। পরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বিজিবি সদস্যরা ১১ জন বাংলাদেশিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন- তারা সীমান্ত পার হয়ে ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
