শাকসু নির্বাচনের তপশিল ২৭ অক্টোবর ঘোষণার আশ্বাস
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি স্থগিত
শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসন ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কিছু শিক্ষার্থী। ছবি: সমকাল
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ১৯:৫৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তপশিল এবং নির্বাচন কমিশন আগামী ২৭ অক্টোবর ঘোষণা করা হবে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ আশ্বাস দিয়েছে বলে সমকালকে জানান আন্দোলনরত একাধিক শিক্ষার্থী।
এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে শুরু করা অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তারা।
এর আগে বিকেল ৩টা থেকে শাকসু নির্বাচনের দাবিতে প্রশাসন ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন কিছু শিক্ষার্থী। কর্মসূচি চলাকালে উপ-উপাচার্য এবং প্রশাসনের কিছু কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে উপ-উপাচার্যের দপ্তরে শিক্ষার্থীরা আলোচনায় বসেন। আলোচনা শেষে আগামী ২৭ অক্টোবর শাকসু নির্বাচনের তপশিল ও নির্বাচন কমিশন ঘোষণা করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বাস দেয় প্রশাসন।
এ নিয়ে জানতে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে শাকসু নির্বাচনের দাবিতে সরব পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মমিনুর রশিদ শুভ বলেন, ‘প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আমরা আজকের কর্মসূচি উঠিয়ে নিয়েছি। প্রশাসনের ঘোষণা দেওয়া সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন না হলে আমরা আবার আন্দোলনে নামব।’
