ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এবার সিলেটে আবাসিক হোটেল সিলগালা

এবার সিলেটে আবাসিক হোটেল সিলগালা
×

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ২০:০৭

সিলেট নগরীতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধ, ফুটপাত দখলমুক্ত করা, নগরীর পাড়া-মহল্লার মোড়ে বখাটেদের আড্ডা বন্ধ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নগরীর পরিবেশ সুন্দর করতে এবং জনগণের জন্য নিরাপত্তা প্রতিষ্ঠায় চলছে সিলেট জেলা প্রশাসকের নেতৃত্বে মহানগর পুলিশের ধারাবাহিক কার্যক্রম। এরই ধারাবাহিকতায় এবার আবাসিক হোটেলগুলোতে শুরু হয়েছে অভিযান।

নগরীর যেসব আবাসিক হোটেলে অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড চলমান সেটি বন্ধ করতে এবার শুরু হয়েছে অভিযান। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকার হোটেল বিলাসে অভিযান চালিয়ে ৫ জন নারী ও পুরুষকে আটক এবং হোটেলটি সিলগালা করে পুলিশ। এর আগে গত ১৩ অক্টোবর অনৈতিক কার্যকলাপের অভিযোগে দক্ষিণ সুরমার সিলেট রেস্ট হাউস সিলগালা করা হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী সমকালকে জানিয়েছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধের পর অনেকে বলেছিলেন কয়েকদিন পর আগের জায়গায় চলে যাবে। কিন্তু এটা হয়নি, আর হবেও না। এক মাসের কাছাকাছি সময় অতিবাহিত হয়েছে। সুফল পাচ্ছেন নগরবাসী। তিনি বলেন, স্থায়ীভাবে কিছু না করতে পারলে লোক দেখিয়ে লাভ নেই।  

সম্প্রতি সিলেটের উন্নয়ন বৈষম্য ও বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সদস্যরা। এরমধ্যে ফুটপাত ও ব্যাটারিচালিত রিকশা বন্ধ ইস্যু স্থান পায়। উন্নয়নের দাবি নিয়ে শহীদ মিনারে ৫৫ ঘণ্টার অনশন পালন করেন আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ী।
এ অবস্থায় সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ যৌথ উদ্যোগ নিয়ে অভিযান শুরু করে। নগরীর ফুটপাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দোকানপাট বসানো নিষিদ্ধ ঘোষণা করে অভিযান চলছে। রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন নির্দেশনা জারি করে এসএমপি। নগরীর পাড়া-মহল্লায় বখাটেপনা বন্ধেও পুলিশ রাতে টহল শুরু করেছে।  

সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের জানান, ইতোমধ্যে ফুটপাত ও ব্যাটারিচালিত রিকশার সুফল পেতে শুরু করেছেন নগরবাসী। এটা ধরে রাখতে পারলে সফল বলা যাবে।

আরও পড়ুন

×