রাকসু নির্বাচনের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ০৩:১৮
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের কাছে বুধবার দুপুরে ফলাফলের গেজেট হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। সূত্র জানায়, আগামী রোববার নির্বাচিতদের শপথবাক্য পাঠ করানো হবে।
রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, দুপুরে নির্বাচনের আনুষ্ঠানিক ফল গেজেট আকারে উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়। নির্বাচিত প্রতিনিধিদের আগামী ২৬ অক্টোবরে সিনেট ভবনে শপথবাক্য পাঠ করানো হবে। কেন্দ্রীয় সংসদের শপথবাক্য পাঠ করাবেন রাকসুর সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং হল সংসদের শপথ গ্রহণ করাবেন সংশ্লিষ্ট হল সংসদের সভাপতি বা প্রাধ্যক্ষ।
আনুষ্ঠানিক ফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আমিনুল হক, অধ্যাপক মোহা. এনামুল হক, অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ প্রমুখ।
গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন। এতে ২৩ পদের মধ্যে ২০ পদে জয়লাভ করে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এ ছাড়া ছাত্রদলের প্যানেল থেকে একজন, সাবেক সমন্বয়ক ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
- বিষয় :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- রাকসু নির্বাচন
