তারাকান্দায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫ | ১৭:২১
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- তারাকান্দা উপজেলার পশ্চিম গোয়াতলা গ্রামের মো. আমজাদ আলীর ছেলে শামসুল আলম তোফায়েল (৪৪) এবং আবুল হাসেমের ছেলে শাহজাহান (৪২)। তারা দুইজন একই মোটরসাইকেলে ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শসার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, সকালে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাসটি সকাল সাড়ে ১০টার দিকে শসার বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- তারাকান্দা
