ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

পতাকা বৈঠক

তেঁতুলিয়া সীমান্তে শিশুসহ ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

তেঁতুলিয়া সীমান্তে শিশুসহ ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
×

কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ছবি: সমকাল

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ০৪:৩১ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ | ০৪:৩২

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুইশিশুসহ ছয় বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিজিবির ৫৬ ব্যাটালিয়নের শুকানী বিওপির সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- সঞ্জয় কুমার রায় (৩৪), বিসায়া রাণী (৩০), ব্রিতি রাণী (১৮), নবদিপ চন্দ্র বর্মন (২২), তাতময় রায় (৩) ও বর্ণা রাণী (৯)। তারা পঞ্চগড়ের আটোয়ারী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

বিজিবি জানায়, নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) শুকানী বিওপির বিপরীতে ভারতের ৪৬/মদনবাড়ী বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা হতে ৬ বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিএসএফ আটক করে। তাদের মধ্যে দুজন পুরুষ, দুইজন নারী ও দুইজন শিশু। সকালে ভারতের বিএসএফ (৪৬ মদনবাড়ি) ব্যাটালিয়ন কমান্ডো কর্তৃক নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়ককে আটকের বিষয়টি অবগত করেন। পরে ৫৬ ব্যাটালিয়নের শুকানী বিওপির সীমান্তে পতাকা বৈঠকে আটক হওয়া ৬ বাংলাদেশি নাগরিককে ঠিকানা যাচাই-বাছাই করে তাদের হস্তান্তর করে বিএসএফ। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়। আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া সমকালকে বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক আটক করা হয়। পরে বিজিবির কাছে ৬ বাংলাদেশিকে হস্তান্তর করা হলে থানায় পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরও পড়ুন

×