ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সেই লালনসহ ৭ ভিক্ষুককে স্বাবলম্বী হতে নানা উপহার

সেই লালনসহ ৭ ভিক্ষুককে স্বাবলম্বী হতে নানা উপহার
×

ভ্যান পেয়ে উচ্ছ্বসিত লালন মিয়া সমকাল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ০৭:২৯

| প্রিন্ট সংস্করণ

অভাবের তাড়নায় একসময় দুই সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন নাসিরনগরের লালন মিয়া। স্বাবলম্বী হতে সেই লালনসহ সাত ভিক্ষুককে অটোরিকশা, ভ্যান, ছাগল ও ছোট দোকান করার সামগ্রী উপহার দিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার ইউএনওর কার্যালয়ের সামনে সুবিধাভোগীদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন ইউএনও শাহীনা নাছরিন।
অনুষ্ঠানে ছিলেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

লালন মিয়া বলেন, ‘অভাবের কারণে দুইটা সন্তান বিক্রি করছিলাম। এখন সরকার আমারে রিকশা দিছে। এই রিকশা চালাইয়া আমি পরিবার লইয়া বাঁচমু। ভিক্ষা করণ লাগব না।’
অপর সুবিধাভোগী দৃষ্টিপ্রতিবন্ধী রুশন আলী বলেন, ‘২০ বছর ধইরা ভিক্ষা কইরা সংসার চালাইছি। কেউ সাহায্য করে নাই। সমাজসেবা অফিস এখন দোকানের মাল কিন্যা দিছে। আমার বউ দোকান চালাইব। আল্লাহ চাইলে আর ভিক্ষা করণ লাগব না।’

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের সাতজনের মধ্যে জীবিকা অর্জনের উপকরণ বিতরণ করা হয়েছে। এতে দুই লাখ ৭০ হাজার টাকা ব্যয় হয়েছে। 
ইউএনও শাহীনা নাছরিন বলেন, ‘ভিক্ষুকদের মধ্যে বিতরণকৃত উপকরণগুলো যেন সঠিকভাবে ব্যবহার হয়, তা নিয়মিত তদারক করা হবে। যারা আন্তরিকভাবে ব্যবসা শুরু করবে, তাদের ব্যবসা সম্প্রসারণে সমাজসেবা অফিসের মাধ্যমে ঋণের ব্যবস্থা করা হবে।’

আরও পড়ুন

×