ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টি করে ছিনতাইয়ের অভিযোগ
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ০৭:৩৫
| প্রিন্ট সংস্করণ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ছাত্রদলের এক নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মব সৃষ্টি করে ফুলকুমারী গমেজ নামে এক নারীর স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন ওই নারী।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন– জোনাইল ডিগ্রি কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক নিসান হাসান, সিনিয়র সহসভাপতি নয়ন হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও ছাত্রদল কর্মী হৃদয় হাসান। ভুক্তভোগী ফুলকুমারী গমেজ দিঘইর গ্রামের মৃত করনেলিউস গমেজের স্ত্রী।
অভিযোগ থেকে জানা গেছে, ফুলকুমারীর মেয়ে ঢাকায় পড়াশোনা করেন। তিনি একাই বাড়িতে থাকেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা হঠাৎ তাঁর বাড়িতে গিয়ে হইচই শুরু
করেন। ঘরে মদ তৈরি হচ্ছে বলে দরজা খুলতে বলেন। এত রাতে দরজা খুলতে অস্বীকৃতি জানালে তারা দরজা না খুললে ঘরে আগুন দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে ভয় পেয়ে ফুলকুমারী দরজা খুললে অভিযুক্ত ব্যক্তিরা ঘরে ঢুকে তল্লাশি
চালান। কোনো কিছু না পেয়ে তারা ওই নারীর গলায় থাকা সোনার চেইন ও বিছানার নিচে রাখা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যান।
ফুলকুমারী গমেজ বলেন, তারা আমার বিরুদ্ধে অপবাদ দিয়ে মব সৃষ্টি করে আমার স্বর্ণালঙ্কার ও ঘরে থাকা নগদ অর্থ নিয়ে গেছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
অভিযুক্ত নিসান হাসান বলেন, অভিযোগ বিষয়ে আমার জানা নাই। তবে ওই নারী ঘরে মদ তৈরি করেন। আমরা বাধা দিয়েছি। এ কারণে তিনি মিথ্যা অভিযোগ করেছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা নিসান। তাঁর বাবা গোলজার হোসেন নারী নির্যাতন মামলার আসামি হিসেবে জেল হাজতে আছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মব তৈরি
