ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যুবদল নেতাকে হাতুড়িপেটা

যুবদল নেতাকে হাতুড়িপেটা
×

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫ | ০৭:৪৩

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের বন্দরে যুবদল নেতা সাহাদাত হোসেনকে (৪০) ডেকে নিয়ে একটি অফিসে আটকে রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আধিপত্য বিস্তার ও যুবদলের কমিটি গঠন করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

একই এলাকার যুবদল নেতা দ্বীন ইসলামের নেতৃত্বে এই মারধর করা হয়। গত মঙ্গলবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিওধরা এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দলীয় সমঝোতার চেষ্টায় বিষয়টি গোপন রাখা হয়। এ কারণে এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে দলীয় সূত্র জানায়।
আহত সাহাদাত ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদুল্লাহ মুকুল সম্প্রতি ৫ নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেন যুবদল নেতা সাহাদাতকে। সাহাদাত ওয়ার্ডভিত্তিক একটি কমিটির তালিকা তৈরি করেন।

কমিটি গঠনকে কেন্দ্র করে সাহাদাতের ওপর চাপ সৃষ্টি করেছিলেন একই এলাকার যুবদল নেতা দ্বীন ইসলাম। মঙ্গলবার তাঁর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল সাহাদাতকে তাদের অফিসে বসিয়ে রাখেন। এ সময় বাদশা নামের এক যুবদল কর্মী সুইচ গিয়ার বের করে তাঁকে ভয়ভীতি দেখান। পরে তারা সাহাদাতকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। সাহাদাতের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।

আহত অবস্থায় তাঁকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বিএনপি নেতা সাহাদাতকে দেখতে এসে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের আন্দোলন সংগ্রামে, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন সাহাদাত হোসেন। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনিগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, যুবদলের একজনকে মারধরের কথা শুনেছি।  অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×