যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের ৫৭ হাজার টন গম চট্টগ্রামে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ০৭:২২
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের চালান পৌঁছেছে। গতকাল শনিবার ৫৬ হাজার ৯৫৯ টন গমের প্রথম চালান নিয়ে ‘নোর্স স্ট্রাইড’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে। যুক্তরাষ্ট্র থেকে আসা গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ টন চট্টগ্রামে ও বাকি ২২ হাজার ৭৮৯ টন গম মোংলা বন্দরে খালাস হবে। এসব গমের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। আজ রোববার থেকে খালাস শুরু হতে পারে।
খাদ্য বিভাগের চট্টগ্রাম চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মো. সাকিব রেজওয়ান বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের নমুনা সংগ্রহ ও খালাস প্রক্রিয়া মনিটর করতে খাদ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের টিম চট্টগ্রামে এসেছে। টিমের নেতৃত্ব দিচ্ছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগ) এ এইচ এম কামরুজ্জামান। জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করা হয়েছে। আমদানি করা গমের ৩৪ হাজার টনের বেশি চট্টগ্রাম সাইলোতে মজুত করা হবে। বাকি গম মোংলা সাইলোতে রাখা হবে। রোববার (আজ) বিকেল থেকে গম খালাস শুরু হতে পারে।
জানা গেছে, সরকার দীর্ঘদিন ধরে রাশিয়া, ইউক্রেন, ভারতসহ বিভিন্ন দেশ থেকে গম আমদানি করে আসছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে গম আমদানির চুক্তি করে। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনালের কাছ থেকে জিটুজি পদ্ধতিতে গম কেনা হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ৩০২ মার্কিন ডলার। মোট দুই লাখ ২০ হাজার টন গম আমদানির প্রস্তাব গত ২৩ জুলাই ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি অনুমোদন করে। তবে চুক্তিতে ১০ শতাংশ কমবেশির শর্ত থাকায় মোট দুই লাখ ৪২ হাজার টন গম আসবে বলে সূত্র নিশ্চিত করেছে।
দেশে বছরে গড়ে ৮০ লাখ টনের বেশি গমের চাহিদা রয়েছে। দেশে উৎপাদন হয় মাত্র ১১ লাখ টন গম। বাকিটা আমদানি করতে হয়। যুক্তরাষ্ট্র থেকে আমদানির কারণে বাংলাদেশ তার মোট গম আমদানির অর্ধেকের বেশি রাশিয়া থেকে আনা কমিয়ে দিয়েছে। গতকাল শনিবার এক তথ্য বিবরণীতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এ কার্যক্রম শুরু
হওয়ার বিষয়টি জানানো হয়। স্বাক্ষরিত চুক্তির আওতায় মোট চার লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে।
বিশ্বের নানা দেশের ওপর অতিরিক্ত শুল্কারোপের সময় বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ শুল্ক থেকে বাঁচতে মার্কিন আমদানির পণ্য থেকে শুল্ক কমায় বাংলাদেশ। পাশাপাশি সে দেশ থেকে আমদানি বাড়ানো হয়। এ অবস্থায় গত জুলাইয়ে দেশটি থেকে বছরে সাত লাখ টন গম আমদানির জন্য সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ। পরে জুলাইয়ে দীর্ঘ আলোচনার পর ২০ শতাংশ শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র।
- বিষয় :
- গম আমদানি
