সোনাদিয়ায় প্যারাবন কেটে চিংড়িঘের, ২০ জনের বিরুদ্ধে মামলা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ২২:৩৬
কক্সবাজারের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সোনাদিয়া দ্বীপে নতুন করে সংরক্ষিত বন দখল করে প্যারাবন কেটে চিংড়িঘের তৈরির মহোৎসব শুরু হয়েছে। দ্বীপের পূর্ব পাড়ায় প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত শ্রমিক দিয়ে চলছে পরিবেশবিধ্বংসী এসব কাজ। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ ১০ জনের নামে মামলা হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ জনকে।
গত শনিবার রাতে মহেশখালী থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফ জনি। আসামিরা হলেন– সোনাদিয়া দ্বীপের মোহাম্মদ হোসেন, আঞ্জু মিয়া, ছোট মিয়া, দানু মিয়া, বাবুল মিয়া, গুরা মিয়া, মোহাম্মদ সোহেল, হাবিব উল্লাহ, বড় মহেশখালী এলাকার মো. সুফি প্রকাশ ও মোহাম্মদ রশিদ।
মামলার এজাহারে বলা হয়েছে, বড় মহেশখালীর সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. সুফি, সোনাদিয়ার মো. হোসেন, আঞ্জু মিয়া, ছোট মিয়াসহ অন্তত ১৫ থেকে ২০ জন চিহ্নিত ভূমিদস্যু মিলে প্রায় ৩ একর সংরক্ষিত বন দখল করে। এরপর শতাধিক শ্রমিক দিয়ে প্যারাবনের বিপুল পরিমাণ বাইন ও কেওড়া গাছ কাটে তারা। গাছগুলো আগুন দিয়ে পুড়িয়ে বাঁধ দিয়ে বর্তমানে চিংড়িঘের তৈরির কাজ চলছে।
পরিবেশবাদীদের অভিযোগ, সোনাদিয়া দ্বীপের প্যারাবন উজাড় হলে সরাসরি ঝড় ও জলোচ্ছ্বাসের আঘাতের মুখে পড়বে পুরোদ্বীপ। এতে মাছ, কাঁকড়া, শামুক ও পাখির আবাসস্থল ধ্বংস হবে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে মাটির স্বাস্থ্যও।
মামলার বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফ জনি বলেন, প্যারাবন কেটে চিংড়িঘের তৈরির বিষয়টি খবর পাওয়ার পরপরই পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে একটি দল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছে।
মামলা নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক। এর আগে ৯ জুলাই একই অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছিল পরিবেশ অধিদপ্তর।
