রংপুরে ফারইস্টে ১৩৭ কোটি টাকা বকেয়া গ্রাহকদের বিক্ষোভ
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রংপুর জোনাল অফিসে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। ছবি- সংগৃহীত
রংপুর অফিস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ২২:৩৯
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের রংপুর জোনাল অফিসে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। টাকা না পেয়ে গ্রাহকরা কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে সড়ক অবরোধ করেন। রোববার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী আসবাব ও দামি সরঞ্জাম বাইরে নেওয়ার চেষ্টা করেন। এতে সন্দেহ হয় স্থানীয়দের। তারা তাৎক্ষণিকভাবে অফিসে গিয়ে মালপত্র আটক করেন; কর্মকর্তাদের জবাবদিহির জন্য অবরুদ্ধ করে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে গতকাল সকাল থেকে অফিসের সামনে গ্রাহকরা ভিড় করেন। দুপুর গড়াতে নগরীর জাহাজ কোম্পানি-স্টেশন রোডে জামাল মার্কেটের সামনে অবরোধ করেন।
এ বিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসভিপি) আবদুল কাদের বীর বলেন, আমরা অফিসের পুরোনো আসবাব বেচে নতুন অফিসে স্থানান্তর করছি। ভুল বোঝাবুঝির কারণে গ্রাহকরা উত্তেজিত হয়েছেন। আমাদের পর্যাপ্ত সম্পদ রয়েছে। তা বেচে গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে। আওয়ামী লীগ সরকারের আমলে কোম্পানির অনেক সম্পদ দখল হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা পুনরুদ্ধার করে গ্রাহকদের টাকা ফেরত দেব।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম বলেন, এই অফিসের আওতায় প্রায় ৭০ হাজার গ্রাহক আছেন। তাদের বকেয়া পাওনা প্রায় ১৩৭ কোটি টাকা। দীর্ঘদিন ধরে তারা টাকা ফেরত পাচ্ছেন না। আমরা কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। বীমা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও যোগাযোগের উদ্যোগ নিচ্ছি, যাতে দ্রুত গ্রাহকদের টাকা পরিশোধ হয়। তিনি আরও বলেন, অফিস থেকে যে মালপত্র নামানো হয়েছিল, সেগুলো আপাতত এখানে থাকবে।
এ বিষয়ে রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। সর্বশেষ কর্মকর্তাদের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলেও রোববার সন্ধ্যা ৬টায় বীমা কার্যালয়ে অবস্থান নেন ভুক্তভোগী গ্রাহকরা। সেখানে তারা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন। তাদের দাবি, টাকা না পাওয়া পর্যন্ত তারা সেখান থেকে ফিরে যাবেন না।
- বিষয় :
- বিক্ষোভ
- ব্যাংকে প্রতারণা