ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

ট্রেনযাত্রীদের ৮ দফা দাবিতে ১ নভেম্বর রেলপথ অবরোধ

ট্রেনযাত্রীদের ৮ দফা দাবিতে ১ নভেম্বর রেলপথ অবরোধ
×

ছবি: সংগৃহীত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫ | ০৬:৫৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ | ০৭:০৮

| প্রিন্ট সংস্করণ

ট্রেনযাত্রীদের ৮ দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১ নভেম্বর সিলেট-শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। এই ৮ দফার অন্যতম আখাউড়া-সিলেট রেল সেকশনে বন্ধ সব রেলস্টেশন চালু করা।

রোববার বেলা ১১টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে পুনরায় এ ঘোষণা দেওয়া হয়। ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন- শমশেরনগরের উদ্যোগে এবং শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীমের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা যুবদল নেতা গোলাম রাব্বীর সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস, ৮ দফা দাবি বাস্তবায়ন-কুলাউড়ার আহ্বায়ক আজিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আকই, সাংবাদিক খালেদ পারভেজ বক্‌স, প্রণীত রঞ্জন দেবনাথ, নূরুল মোহাইমীন মিল্টন, নির্মল এস পলাশ, জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সায়েম, সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন, শমশেরনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, এ সেকশনে ট্রেন টিকিট কালোবাজারি রোধ, সিলেটের স্টেশনগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনসহ বৃহত্তর সিলেটবাসীর জন্য ট্রেনসেবা নিশ্চিত করতে হবে। দাবি আদায়ে আগামী ১ নভেম্বর সিলেট-শায়েস্তাগঞ্জ রেলপথ অবরুদ্ধ থাকবে। 

আন্দোলনের নেতারা বলেন, দেশের রেমিট্যান্স যোদ্ধাদের বড় একটি অংশ এই সিলেটের বাসিন্দারা। দেশের অর্থনৈতিক উন্নয়নে যারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তাদের জন্য রেলসহ সব ধরনের নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। আখাউড়া-সিলেট রেলপথের কোনো সংস্কার নেই। পুরাতন ইঞ্জিন আর বগিতেই চলছে দায়সারাভাবে।

আরও পড়ুন

×