ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জামালপুরে বিরতির দাবিতে দেড় ঘণ্টা রেলপথ অবরোধ

জামালপুরে বিরতির দাবিতে দেড় ঘণ্টা রেলপথ অবরোধ
×

জামালপুরে রেলপথ অবরোধ। ছবি: সমকাল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫ | ১৮:৫৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ | ১৯:০২

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রবিরতি ও দ্বিতীয় প্লাটফর্ম নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস নরুন্দি স্টেশনে পৌঁছালে ট্রেনটি থামিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় দেড় ঘণ্টা ট্রেনটি আটকে রেখেন আন্দোলনকারীরা। 

মানববন্ধনে নরুন্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মসিউর রহমান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সামনুরী ইমাম প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, জামালপুর সদর উপজেলার নরুন্দি, বাশচড়া, ঘোড়াধাপ, ইটাইল ও তুলশীরচর ইউনিয়নের লক্ষাধিক মানুষের ময়মনসিংহ ও রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য ট্রেনই যোগাযোগের প্রধান মাধ্যম। অথচ এ এলাকায় স্থাপিত নরুন্দি স্টেশনে বেশিরভাগ আন্তঃনগর ট্রেনেরই যাত্রাবিরতি নেই। অপরদিকে উন্নত সড়ক যোগাযোগ ও দূরপাল্লার ভাল বাস সার্ভিস না থাকায় এ এলাকার লাখো মানুষকে চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নরুন্দি রেল স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও দ্রুত দ্বিতীয় প্লাটফর্ম নির্মাণের দাবি জানান তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা আরও বলেন, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে ৬টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। তবে মাত্র দুইটি ট্রেন নরুন্দি স্টেশন যাত্রাবিরতি দেয়। কিন্তু সেই দুটি ট্রেনের যাত্রাবিরতি ‘অসময়ে’ হয়। ফলে এলাকাবাসীর কোনো কাজে লাগছে না। তাই আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানা হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের প্রাণের দাবি নরুন্দি রেলওয়ে স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির। এই দাবি এলাকার লাখো মানুষের।’

নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার মো. মাহমুদুল হক বলেন, ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসী রেল লাইন অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এ সময় তিস্তা এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা আটকে ছিল। বিষয়টি তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

আরও পড়ুন

×