বিচার চেয়ে রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ
সাঁতার কাটতে গিয়ে সায়মার মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ০৭:০৩
| প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শিক্ষার্থী সায়মা হোসাইনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু বিচারসহ চার দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা বলেন, সুইমিংপুলসহ বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরতদের অবহেলার কারণেই সায়মার মৃত্যু হয়েছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে তারা যে ৭২ ঘণ্টা বেঁধে দিয়েছেন, তার মধ্যেই জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। না হলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে।
শিক্ষার্থী ঈশিতা পারভীন তিথি বলেন, ‘আমি মনে করি, এটি একটি হত্যাকাণ্ড। কারণ, বিশ্ববিদ্যালয়ের সিস্টেমের কারণে এবং সঠিক চিকিৎসার অভাবেই সায়মার মৃত্যু হয়েছে। এই হত্যার ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা এ অবহেলা করেছে, তাদের চাকরিচ্যুত করতে হবে। সায়মার পরিবারকে এমনভাবে আর্থিক সহায়তা দিতে হবে।’
শিক্ষার্থী আবদুল আজিজ বলেন, ‘প্রশাসনকে তিন দিনের সময় দিয়েছি। এর মধ্যে তারা যদি কোনো সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দিতে না পারে, তাহলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এখন শুধু সমাজবিজ্ঞান বিভাগ আন্দোলন করছে, তিন দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬০টি বিভাগ যোগ দেবে।’
এর আগে রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নামলে পানিতে ডুবে যান সায়মা হোসাইন। সায়মা সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষে পড়তেন এবং মন্নুজান হলে থাকতেন। তাঁর বাড়ি কুষ্টিয়ায়।
- বিষয় :
- ঘেরাও
