ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্যাস ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ, ডেকে নিয়ে প্রবাসী যুবককে খুন

গ্যাস ট্যাবলেট খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ, ডেকে নিয়ে প্রবাসী যুবককে খুন
×

বুধবার সকালে প্রতিবন্ধী সেরাজুল মণ্ডলের (২৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ

সিরাজগঞ্জ ও শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫ | ২০:৪০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ | ২১:২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে গ্যাস ট্যাবলেট খাইয়ে আব্দুল করিম নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে। বুধবার হাসপাতালে মারা গেছেন তিনি। নববধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। একই দিন প্রবাসী যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে শাহজাদপুরের নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে আব্দুল করিমের সঙ্গে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বাঐতোলা গ্রামের হাচেন আলীর মেয়ে তানজিলা খাতুনের বিয়ে হয়। তানজিলার সঙ্গে তাঁর প্রতিবেশী নূর আলম ওরফে নাহিদের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর তিনি বাবার বাড়িতে গেলে নাহিদ তাঁকে বিয়ের জন্য চাপ দেয়। পরে দুজন মিলে করিমকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। সে পরিকল্পনার অংশ হিসেবে সোমবার রাতে কৃমির ওষুধের কথা বলে করিমকে গ্যাস ট্যাবলেট খাওয়ায় তানজিলা। কিছুক্ষণ পরেই পেটে জ্বালাপোড়া শুরু হলে স্থানীয় নূরজাহান হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার সেখানে করিম মারা যান।

করিমের হঠাৎ মৃত্যুতে সন্দেহ সৃষ্টি হলে থানায় অভিযোগ করে তাঁর পরিবার। পুলিশ এসে তানজিলাকে থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি করিমকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার কথা স্বীকার করেন।

এদিকে কৈজুরি ইউনিয়নের গোপালপুর গ্রামের রাস্তা থেকে বুধবার সকালে প্রতিবন্ধী সেরাজুল মণ্ডলের (২৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সিরাজুল মণ্ডল ওই গ্রামের মৃত শাহাদৎ মণ্ডলের ছেলে।

স্বজনরা জানান, সেরাজুল দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে এসেছেন। মঙ্গলবার সন্ধ্যার পর তাঁকে কেউ একজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারারাত বাড়িতে ফেরেননি। পরদিন স্থানীয় মুসল্লিরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তায় তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখে থানায় খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহালে তাঁর শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন

×