সিলেট ওসমানী বিমানবন্দর
বিমানে বোর্ডিং ব্রিজের ধাক্কা, লন্ডনগামী ফ্লাইট বাতিল
ছয় ঘণ্টা পর অন্য বিমানে গেলেন যাত্রীরা
ছবি: সংগৃহীত
সিলেট ব্যুরো
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ০৪:২২
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে যুক্তরাজ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বুধবার সকালে যাত্রী ওঠার পর বোর্ডিং ব্রিজ সরানোর সময় এ ঘটনা ঘটে।
ছয় ঘণ্টা পর বিকেলে ২৬২ জন যাত্রীকে অন্য একটি বিমানে লন্ডন পাঠায় কর্তৃপক্ষ। গতকাল বুধবার সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল উড়োজাহাজটির।
বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটির ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগে। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করা হয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা শুরু করেন। তারা ফ্লাইট বাতিল করে বিমানটি হ্যাঙ্গারে নিয়ে যান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা এবং সেটির ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনীয় মেরামত শেষে তারা সেটি ঢাকায় নিয়ে যাবেন।
এদিকে ফ্লাইট বাতিল হওয়ার পর যাত্রীদের বিকল্প উড়োজাহাজে যুক্তরাজ্যে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ সমকালকে বলেন, বিমানটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কার পরপরই উড্ডয়ন স্থগিত করা হয়। প্রকৌশলীরা দুর্ঘটনাকবলিত বিমানের অবস্থা পরীক্ষা করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর বিকেল ৪টা ২০ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে ২৬২ জন যাত্রীকে লন্ডনে পাঠানো হয়েছে।
- বিষয় :
- সিলেট
- ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
