ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দুই প্যানেলের

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন

ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার  প্রতিশ্রুতি দুই প্যানেলের
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ০৭:১৫

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২৭) সামনে রেখে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল ইশতেহার ঘোষণা করেছে। গতকাল বুধবার দুপুরে নগরীর পাঁচতারকা হোটেল র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষিত ইশতেহারে চট্টগ্রামের ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও আধুনিক চেম্বার গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন প্যানেল লিডার এস এম নুরুল হক। একই দিনে আরেক প্যানেল ইউনাইটেড বিজনেস ফোরাম পোর্ট ইউজার্স ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় নানা নির্বাচনী প্রতিশ্রুতি দেয়। এই প্যানেলের প্রধান আমিরুল হক। উভয় প্যানেল চট্টগ্রাম চেম্বারকে একটি আধুনিক চেম্বারে রূপান্তরের অঙ্গীকার করে। আগামী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন। 

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এসএম নুরুল হক বলেন, চট্টগ্রাম চেম্বারকে একটি জবাবদিহিমূলক, ব্যবসায়ীবান্ধব ও বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করাই তাদের মূল লক্ষ্য। ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত জটিলতা নিরসন এবং ডিজিটালাইজেশন বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে। সংবাদ সম্মেলন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন।  

নগরীর সিটি হল কমিউনিটি সেন্টারে পোর্ট ইউজার্স ফোরামের সভায় চিটাগং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে বন্দরের নতুন ট্যারিফ নিয়ে ফের বৈঠক করবেন বন্দর চেয়ারম্যান। সেখানে যৌক্তিক ও বাস্তবসম্মত ট্যারিফের প্রস্তাব দেবেন তারা। ইউনাইটেড বিজনেস ফোরামের টিম লিডার মোহাম্মদ আমিরুল হক বলেন, ‘চিটাগং চেম্বারের সদস্য ফি পাঁচ হাজার থেকে কমিয়ে আমি দুই হাজার টাকার নিচে আনার চেষ্টা করব। এই চেম্বারকে সাধারণ ব্যবসায়ীদের আস্থার জায়গায় ফিরিয়ে আনব। এটিকে ব্যবসাবান্ধব করে আধুনিক চেম্বারে রূপান্তর করব।’ 
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পোর্ট ইউজার্স ফোরামের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, বিজিএপিএমইএর প্রথম সহসভাপতি শহীদুল্লাহ চৌধুরী, বিজিএপিএমইএর উপদেষ্টা লতিফুর রহমান আজিম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন, সভাপতি আবদুল মান্নান প্রমুখ।

আরও পড়ুন

×