নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ধর্মপাশা থানা, সুনামগঞ্জ। ফাইল ছবি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ১৫:৪০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ | ১৬:০৭
সুনামগঞ্জের ধর্মপাশায় ৫ম শ্রেণি পড়ুয়া এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে কাউছার মিয়া নামে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ধর্মপাশা পূর্ববাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত কাউছার উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
এর আগে রাত ১০টার দিকে ওই ছাত্রীর মা বাদী হয়ে কাউছারের বিরুদ্ধে ধর্মপাশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রীর বাড়ি বিদ্যালয় থেকে দূরে। তাই বিদ্যালয়ের পাশের এক আত্মীয়র বাড়িতে থেকে পড়াশোনা করে সে। প্রতিদিন সকালে সে তার সহপাঠীদের সঙ্গে শিক্ষক কাউছারের কাছে প্রাইভেট পড়তে যায়।
গত রোববার কাউছার ওই ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে করে বলে অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। বিষয়টি ওই আত্মীয় জানতে পেরে ছাত্রীকে জিজ্ঞাসা করলে তা স্বীকার করে।
পরে বুধবার দুপুরে স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে শিক্ষক কাউছারকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় কাউছার যৌন হয়রানির কথা স্বীকার করেন বলে জানান স্থানীয়রা। স্বীকারোক্তির ভিডিও তাদের সংরক্ষণে রয়েছে বলে জানান তারা।
সন্ধ্যায় স্থানীয়রা রাজাপুর বাজারে কাউছারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করে।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব বলেন, আমাদের জিজ্ঞাসাবাদে কাউছার তার অপরাধ স্বীকার করেছেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, মামলার পরপরই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
