বরিশাল
পাঁচ শতাধিক শ্রমিক চাকরিচ্যুত, কর্মবিরতিতে অপসো স্যালাইন কারখানার শ্রমিকরা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ২২:৩৩ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ | ২২:৩৫
পাঁচ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুত করার জেরে বরিশালে অবস্থিত অপসো স্যালাইন লিমিটেডের কারখানায় কর্মবিরতি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করে তারা কর্মবিরতির ঘোষণা দেন। শ্রমিক নেতারা ঘোষণা দিয়েছেন, মালিকপক্ষের সঙ্গে বৈঠক না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না।
অপসো স্যালাইন লিমিটেড দেশের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী অপসোনিন গ্রুপের প্রতিষ্ঠান। বরিশাল নগরীর বগুড়া সড়কে কারখানাটি অবস্থিত। সেখানে কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় ১ হাজার। এই কারখানায় সিরিঞ্জ, স্যালাইনসহ আনুষঙ্গিক উপকরণ তৈরি হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বুধবার কারখানা কর্তৃপক্ষ স্টুরিপ্যাক (সিরিঞ্জ ও স্যালাইন সেট প্রস্তুতকারক) শাখার পাঁচ শতাধিক শ্রমিককে চাকরিচ্যুতির নোটিশ দেয়। এতে উল্লেখ করা হয়েছে, ‘কোম্পানির নিয়ন্ত্রণবহির্ভূত কারণে স্টুরিপ্যাক শাখার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।’ শ্রমিকদের ভাষ্য, এর অর্থ হচ্ছে স্টুরিপ্যাক শাখাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।
অপসো স্যালাইন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রাকিব মিয়া বলেন, স্টুরিপ্যাক শাখার সব শ্রমিককে সোমবার থেকে চার দিনের মৌখিক ছুটি দেওয়া হয়। বৃহস্পতিবার শ্রমিকদের বাড়িতে ডাকযোগে চাকরিচ্যুতির নোটিশ পৌঁছায়। এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা বিকেলে কারখানায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। কারখানার স্যালাইন প্রস্তুতকরণ শাখার শ্রমিকরাও এ আন্দোলনে যোগ দেন। তারা বিকেল থেকেই কর্মবিরতি শুরু করেছেন।
রাকিব মিয়ার ভাষ্য, অনেক শ্রমিক আছেন, যারা ৩০ বছরের বেশি চাকরি করছেন। শ্রম আইন না মেনে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। মালিকপক্ষসহ স্থানীয় প্রশাসনে ইউনিয়নের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। সৃষ্ট সমস্যা সমাধানে শনিবারের মধ্যে মালিকপক্ষকে ইউনিয়নের সঙ্গে বসতে হবে। না হলে শ্রমিকরা কাজে যোগ দেবেন না।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক শহিদুল ইসলামের ভাষ্য, কয়েক মাস আগে এ কারখানায় শ্রমিক ইউনিয়নের অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য মালিকপক্ষ কৌশলে লোকসানের অজুহাত দেখিয়ে শ্রমিক ছাঁটাই করেছে।
বক্তব্য জানতে অপসো স্যালাইনের প্রশাসনিক কর্মকর্তা সাদিকুল ইসলাম দীপুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ধরেননি।
- বিষয় :
- চাকরিচ্যুত
- কর্মবিরতি
