ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন দুই সপ্তাহের  জন্য স্থগিত
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ০৭:৩০

| প্রিন্ট সংস্করণ

দুই সপ্তাহের জন্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) নির্বাচন স্থগিত করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের করা এক আপিলের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রায় এক যুগ পর আগামী শনিবার চেম্বারের ভোট গ্রহণ হওয়ার কথা ছিল। সর্বশেষ ২০১৩ সালে চেম্বারে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ব্যবসায়ীদের এ প্রতিষ্ঠানের নেতৃত্ব নির্বাচিত হয়ে আসছে।

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর এক ব্যবসায়ীর করা রিটের পরিপ্রেক্ষিতে দুই শ্রেণিকে বাদ রেখে নির্বাচন পরিচালনার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। সেই আদেশের পর গত ২২ অক্টোবর আপিল করে বাণিজ্য মন্ত্রণালয়। আপিল শুনানির পর এবার নির্বাচনে স্থগিতাদেশ দেওয়া হলো। রিটকারীর পক্ষে নিযুক্ত আইনজীবী নিহাদ কবির বলেন, শুনানি শেষে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল আদালত এ বিষয়ে হাইকোর্টে দায়ের হওয়া রিট দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন। হাইকোর্টে রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়েছে।
ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেল লিডার আমিরুল হক বলেন, ‘নির্বাচনী প্রচারণা চলাকালীন ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখেছি। প্রায় এক যুগ ধরে ভোট দিতে না পারার কষ্ট ভুলতে মুখিয়ে ছিলেন ভোটাররা। কিন্তু মামলা-মোকদ্দমার মাধ্যমে একটি গ্রুপ এই অধিকার হরণ করতে চাইছে।’ 

আরও পড়ুন

×