বর-কনে এলো ঘোড়ায় চড়ে, ফিরল হারানো ঐতিহ্য
কচুয়ায় ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করলেন বর আব্দুল আলীম ও কনে খুকি
কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫ | ২২:২৩
বন্ধু ও ভাইদের আবদার রাখতে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ের পিঁড়িতে বসলেন কচুয়ার তরুণ শিক্ষক আব্দুল আলীম। ব্যতিক্রম এই বিয়ের আয়োজন দেখতে গ্রামের শত শত মানুষ রাস্তায় ভিড় জমায়। শুক্রবার দুপুরে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের মৌলভী বাড়িতে এই বিয়ের অনুষ্ঠান হয়।
বর আব্দুল আলীম একই গ্রামের শহীদ উল্যাহ ও জীবন আরা দম্পতির ছেলে। তিনি শিক্ষকতা পেশায় যুক্ত। কনে জেওরা তাবাসসুম খুকি পাশের মেঘদাইর গ্রামের পাটোয়ারী বাড়ির কাজল পাটোয়ারীর মেয়ে।
দুপুরে মৌলভী বাড়ি থেকে বরযাত্রীরা ঘোড়ার গাড়িতে চড়ে মেঘদাইর গ্রামে কনের বাড়ির উদ্দেশে রওনা হন। কনের বাড়িতে পৌঁছালে বরযাত্রীদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে ঘোড়ার গাড়িতেই কনেকে নিয়ে বরের বাড়িতে ফেরেন বরযাত্রীরা।
ঘোড়ার গাড়িতে সাজসজ্জা, আলোকসজ্জা আর আনন্দঘন পরিবেশে বিয়ের এই আয়োজন যেন এক উৎসবের আবহ তৈরি করে পুরো এলাকায়। এই বিয়ের দৃশ্য দেখতে রাস্তায় ভিড় করেন গ্রামবাসী। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন আনন্দঘন মুহূর্তগুলো।
বর আব্দুল আলীম বলেন, ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করবেন। বন্ধু ও ভাইদের ইচ্ছা ছিল আরও বেশি। তাদের আবদার রাখতেই এমন আয়োজন করা হয়। ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ের অভিজ্ঞতাটা ছিল সত্যিই রোমাঞ্চকর।
বরের বন্ধুদের একজন জানান, তারা চেয়েছিলেন প্রিয় বন্ধু আব্দুল আলীমের বিয়ে হোক একটু ব্যতিক্রমভাবে। তাই সবাই মিলে এই আয়োজন করেন।
বরের বাবা শহীদ উল্যাহ বলেন, ছেলের এমন ব্যতিক্রম উদ্যোগে তারাও খুশি হয়েছেন। গ্রামের মানুষজন আনন্দ পেয়েছে, এটাই বড় কথা।
- বিষয় :
- ঘোড়ার গাড়ি
- বিয়ে
