ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভোলাগঞ্জে পাথরবাহী ট্রাক্টর চাপায় পর্যটক নিহত, আহত ৫

ভোলাগঞ্জে পাথরবাহী ট্রাক্টর চাপায় পর্যটক নিহত, আহত ৫
×

পর্যটনকেন্দ্রে পৌঁছার আগেই ভোলাগঞ্জ পয়েন্টে একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় পাথরবাহী ট্রাক্টর। এতে প্রাণ হারান এক পর্যটক। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ১৪:৪৪

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টর চাপায় প্রাণ হারিয়েছেন জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটক। আহত হয়েছেন তার মেয়ে, জামাই ও নাতি-নাতনিসহ ৫ জন।

শনিবার দুপুর ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউল হক (৬৫) নামে জামালপুরের মোবারক চেয়ারম্যানের ছেলে। আহতরা হলেন তার মেয়ে সুমাইয়া, স্বামী  সম্রাট (৩৭), তাদের মেয়ে সাউদা (১০) ও ছেলে সিনান (৮) এবং সিএনজি অটোরিকশা চালক রমজান আলী। 

আহতদের মধ্যে সিনানের অবস্থা আশঙ্কাজনক। তাদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়ানোর জন্য জামালপুর থেকে সিলেট আসেন জিয়াউল হক। নগরীর আম্বরখানা এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন তারা। পর্যটনকেন্দ্রে পৌঁছার আগেই ভোলাগঞ্জ পয়েন্টে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দেয় একটি পাথরবাহী ট্রাক্টর। টাক্টরটি শাহ আরেফিন টিলা পাথরকোয়ারি থেকে অবৈধভাবে উত্তোলন করা পাথর নিয়ে যাচ্ছিল। মহাসড়কে উঠার সময় সিএনজিকে চাপা দেয় ট্রাক্টরটি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হতাহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টর ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

×