পাখি শিকারের প্রতিবাদ করায় যুবকের কপালে গুলি, থানায় মামলা
মাজহারুল ইসলাম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫ | ১৮:২৮ | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ | ১৪:৫৬
কিশোরগঞ্জ সদরে পাখি শিকারের প্রতিবাদ করায় মাজহারুল ইসলাম (২৮) নামে এক যুবকের কপালে গুলি করার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে শুক্রবার দুইজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, রাসেল নামে এক যুবকের নামসহ অজ্ঞাত একজনকে আসামি করে মামলা করা হয়েছে। এতে মাজহারুল ইসলামের বাবা মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গুলিবিদ্ধ মাজহারুল ইসলাম বর্তমানে বাড়িতে আছেন। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
মাজহারুলের ভাষ্য, রাতে তিন যুবক মোটরসাইকেলে করে দক্ষিণ নানশ্রী গ্রামের দিকে আসেন। তাদের হাতে ছিল এয়ারগান। গ্রামের স্থানীয় কবরস্থানের গাছে নানা প্রজাতির পাখির আবাস থাকায় তারা পাখি শিকার করতে চাইলে তার চাচা হারুন অর রশিদসহ কয়েকজন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে এক যুবক তিনটি ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে মাজহারুল বাড়ি থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করলে ওই যুবক তার কপালে গুলি করে পালিয়ে যায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মাজহারুলের বাবা মিজানুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেছেন। এতে রাসেল নামের এক যুবকের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- মামলা
- গুলি
- পাখি শিকারী
