ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদকের বিনিময়ে সার পাচারের সময় ৯ পাচারকারী আটক

মাদকের বিনিময়ে সার পাচারের সময় ৯ পাচারকারী আটক
×

মাদকের বিনিময়ে সারসহ বাংলাদেশি পণ্য পাচারের সময় নয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ১৩:১৬ | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ | ১৩:৪৯

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সারসহ বাংলাদেশি পণ্য পাচারের সময় নয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত তিনটি বোট ও প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১টার দিকে হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ১,১৯৪ বস্তা রাসায়নিক সারসহ নয়জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ সারের বাজার মূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা।

আটকরা হলেন, কক্সবাজারের পিত্তমখালী গ্রামের আব্দুল বারেকের ছেলে আবুল কাশেম (৪৫), সন্দীপ উপজেলার উরিরচর এলাকার মুন্সি মাঝির ছেলে মো. সালাউদ্দিন (২৮), চট্টগ্রাম খুলশী থানার দামপাড়া টাইগার পাস এলাকার আব্দুর রহিমের ছেলে মো. সোহেল (৩৫), নোয়াখালী হাতিয়া উপজেলার সূর্যমুখী শূন্যের চর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে মো. বাহার (৫৭), ঢাকা দোহার উপজেলার মেথুলা বাজার দক্ষিণ শিমুলিয়া গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে মো. আক্তার হোসেন (২৮), লক্ষ্মীপুর সদর উপজেলার আঠিয়া তলি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৩৭), ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের সালেহ আহাম্মদের ছেলে মো. সাহেল (২৮), পিরোজপুর নেছারাবাদ (স্বরূপকাঠি) রাজাবাড়ী গ্রামের নুরুল হুদার ছেলে মো. নেছার উদ্দিন (৩৭) ও তার ছেলে মো. সম্রাট মিয়া (১৬)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান, মাদক ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×