নাগেশ্বরীতে বৃষ্টি-বাতাসে নুয়ে পড়েছে ধান, দুশ্চিন্তায় কৃষক
টানা বৃষ্টি ও বাতাসে ফসলের মাঠে পানি, নুয়ে পড়েছে কাঁচা ও আধাপাকা ধানের শীষ। ছবি: সমকাল
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ১৩:৫৮
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মধ্য কার্তিকে গত ৩ দিনের বৃষ্টি ও বাতাসে নুয়ে পড়েছে রোপা আমন ধান গাছ। এতে ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টি ও বাতাসে ফসলের মাঠে পানি, নুয়ে পড়েছে কাঁচা ও আধাপাকা ধানের শীষ। কিছু জমির ধান আগেই পেকেছে। আর কয়েকদিন পরই তা কৃষকের ঘরে উঠবে।
ভিতরবন্দ নন্দনপুরের সবেদ আলী, পৌরসভার পুরাতন মমিনগঞ্জের আবু আব্দুল্লাহ, আব্দুর রশিদ, আব্দুল জলিল, বাবলু মিয়া, খলিল মিয়া, নুরনবী মিয়া, আখতার হোসেন, আবু বকর সিদ্দিক, আশরাফ আলী, ঠুটাপাইকর এলাকার আব্দুল গণি মিয়া জানান, অসময়ের বৃষ্টিতে তাদের জমির ধান গাছ হেলে পড়ে গেছে। বৃষ্টি না কমলে তা খেতেই নষ্ট হয়ে যেতে পারে। তাই আকাশের দিকে তাকিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
কেদার ইউনিয়নের বাহের কেদারের দেলবর হোসেন, নুর হোসেন, সোহেল মিয়াসহ বিভিন্ন এলাকার অনেকেই ঘরে ফসল ঠিকঠাকভাবে উঠবে কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন। প্রায় শেষ মুহূর্তে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় তারা ক্ষতিতে পড়তে পারেন ধারণা করছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রোপা আমন মৌসুমে ২৪ হাজার ৩৬০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কৃষক ২৪ হাজার ৩৬৫ হেক্টর জমিতে ধান চাষ করেন। অনুকূল আবহাওয়া ও নিয়মিত পরিচর্যায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ইতোমধ্যে প্রায় সব জমিতে ধানের শীষ বের হয়েছে। ধান শক্ত হওয়ার পথে এখন। কিছু জমির ধান আগে পেকেছে। আর কয়েকদিন পর তা কৃষকের ঘরে উঠবে। এর মাঝে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে সৃষ্ট লঘুচাপে গত ২৯ অক্টোবর সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টি ও বাতাস হচ্ছে।
এতে উপজেলার বিভিন্ন এলাকায় নুয়ে পড়েছে রোপা আমন ক্ষেতের ধান গাছ। বৃষ্টি আরো কয়েকদিন স্থায়ী হলে জমিতে জমবে পানি। এতে নুয়ে পড়া ধান গাছের শীষ পচে নষ্ট হয়ে যেতে পারে।
উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, কিছু জমির ধান গাছ হেলে পড়েছে। আমরা কৃষকদের সেগুলো তুলে আঁটি বেঁধে দাঁড় করিয়ে দেওয়ার পরামর্শ দিচ্ছি।
