খুলনা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত, প্রতিবাদ প্রার্থীদের
ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ২২:১৭
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করেছে অ্যাডহক কমিটি। সমিতির সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে নির্বাচন স্থগিতের সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আইনজীবীরা। রোববার বিকেলে খুলনা প্রেস ক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানান জামায়াত সমর্থিত বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল এবং এনসিপি সমর্থিত স্বতন্ত্র আইনজীবী পরিষদের প্রার্থীরা।
ল ইয়াস কাউন্সিলের সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মনিরুল ইসলাম পান্না বলেন, গত বছর ৩০ নভেম্বর মনোনয়নপত্র তোলার শেষ দিনে কথিত সাধারণ সভার নামে নির্বাচন স্থগিত করা হয়েছিল। এখন একই কায়দায় অ্যাডহক কমিটি নির্বাচন স্থগিত করল। এটা অগণতান্ত্রিক; নব্য ফ্যাসিস্টের বহিঃপ্রকাশ।
তিনি বলেন, সমিতির বর্তমান অ্যাডহক কমিটি পক্ষপাতমূলক আচরণ করছে, যা নতুন বিপ্লবের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল।
স্বতন্ত্র আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী আকতার জাহান রুকু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলা আইনজীবী সমিতিতে যে অ্যাডহক কমিটি গঠন করা হয়, তার মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু এ কমিটি টালবাহানা সাধারণ সভা দিয়ে মেয়াদ ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। অনিচ্ছা সত্ত্বেও আমরা তা মেনে নিয়েছিলাম।
তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, ৩০ অক্টোবর আইনজীবীরা মনোনয়নপত্র তুলতে গেলে বিতরণ করা হয়নি। নির্বাচন কমিশনের প্রধান রোববার মনোনয়নপত্র বিতরণ করবেন বলে জানালেও বিতরণ করা হয়নি। দুপুর ২টায় কমিটি সাধারণ সভা ডেকে সাধারণ আইনজীবীদের কোনো বক্তব্য না শুনে নির্বাচন স্থগিত এবং অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছি।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেখ নূরুল হাসান রুবা বলেন, ৯৪ জন আইনজীবী নির্বাচন আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিতের আবেদন করেন। এর প্রেক্ষিতে দুপুর ২টায় বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়। সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
- বিষয় :
- খুলনা
- আইনজীবী
- নির্বাচন স্থগিত
