ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পোষ্য কোটা শূন্যে নামানোর প্রস্তাব চাকসু প্রতিনিধিদের

পোষ্য কোটা শূন্যে নামানোর প্রস্তাব চাকসু প্রতিনিধিদের
×

ছবি: সমকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ২০:১১

বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা শূন্যে নামিয়ে আনাসহ একাধিক সংস্কার প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। মঙ্গলবার বিকেল ৩টায় চাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সপ্তম ক্যাবিনেটের প্রথম কার্যনির্বাহী সভার এ প্রস্তাব উপস্থাপন করা হয়। 

চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিবের সঞ্চালনায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম রনি। তিনি বলেন, আবাসন সংকট নিরসনে ১০ তলা বিশিষ্ট দুটি নতুন হল নির্মাণ এবং সিট সংকট সমাধানে ৬৯৩ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি কটেজ ও ভাড়াবাসা তদারকিতে বিশেষ কমিটি এবং অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা প্রাপ্তির বিষয়ে ইউজিসিকে চিঠি পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। 

যাতায়াত ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, শাটল ট্রেন থাকা সত্ত্বেও যাতায়াতে ভোগান্তি কমেনি। এজন্য শহরগামী বাস সার্ভিস এবং ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত চক্রাকার বাস চালুর প্রস্তাব গৃহীত হয়েছে। শহরগামী শিক্ষক-কর্মকর্তাদের বাসে শিক্ষার্থীদের যাতায়াতেরও অনুমতি চান তারা। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শাটল ট্রেনে নির্দিষ্ট বগি বরাদ্দেরও প্রস্তাব দিয়েছেন তারা।

গ্রন্থাগার ও ক্যাফেটেরিয়া উন্নয়নের অংশ হিসেবে শিগগির ‘ওপেন জোন’ চালুর ঘোষণা দেওয়া হয়। বই নিয়ে প্রবেশের নিয়ম শিথিল, ওয়াইফাই ও অনলাইন সেবায় গতি আনার বিষয়েও প্রস্তাব আসে। 

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল সেন্টারে চিকিৎসক বাড়ানো, দ্রুত একজন গাইনোকোলজিস্ট নিয়োগ, জরুরি হটলাইন চালু ও নতুন অ্যাম্বুলেন্স সচল করার প্রস্তাব গৃহীত হয়। 

প্রযুক্তি সুবিধা বাড়ানোর অংশ হিসেবে প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের একাডেমিক ইমেইল দেওয়া, স্টোরেজ ৫ থেকে ১৫ জিবি করা এবং বিভাগের ওয়েবসাইট নিয়মিত আপডেটের নির্দেশনার কথা জানান তিনি। এ ছাড়া মোজাম্মেল হক অডিটোরিয়াম ও মুক্তমঞ্চ সংস্কার এবং সাংস্কৃতিক আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলামসহ নির্বাচিত প্রতিনিধিরা।

আরও পড়ুন

×