ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কুড়িগ্রাম-৪ আসন

ধানের শীষ বড় ভাই, দাঁড়িপাল্লা ছোট ভাই

ধানের শীষ বড় ভাই, দাঁড়িপাল্লা ছোট ভাই
×

রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান ও জামায়াতের রৌমারী উপজেলার সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক। সম্পর্কে তারা আপন ভাই।

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ০৩:৫৩

জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ (চিলমারী রৌমারী রাজীবপুর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হচ্ছেন আপন দুই ভাই। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লড়াই দেখতে উম্মুখ হয়ে আছেন এলাকার মানুষ।

গত সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন।

এতে কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন দেওয়া হয় রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমানকে। অন্যদিকে, এই আসনে জামায়াত প্রার্থী হিসেবে বেছে নিয়েছে দলটির রৌমারী উপজেলার সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাককে। যিনি আজিজুর রহমানের আপন ছোট ভাই।

দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতার খবরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীর মধ্যে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা। এলাকাজুড়ে ভোটারের মুখে এখন এক আলোচনা– ‘কে জিতবে? বড় ভাই, না ছোট ভাই?’ চায়ের দোকান, হাট-বাজার, এমনকি সামাজিক মাধ্যমেও চলছে এই পারিবারিক লড়াই নিয়ে তর্ক-বিতর্ক।

স্থানীয় আবুল কালাম আজাদ নামে এক ভোটার বলেন, ‘রৌমারী-চিলমারী-রাজীবপুরের রাজনৈতিক ইতিহাসে এমন ঘটনা আগে কখনও হয়নি। ভাইয়ের বিপরীতে ভাই এ যেন এক অনন্য নির্বাচন।’

জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার বড় ভাই বিএনপির প্রার্থী হয়েছেন। তবে এতে আমার ভোটে কোনো প্রভাব পড়বে না। জামায়াতের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেড়েছে।’

বিএনপি প্রার্থী আজিজুর রহমান বলেন, ‘আমার ছোট ভাই একসময় বিএনপির রাজনীতি করত। আমার কারণেই রাজনীতিতে এসেছে, পরে জামায়াতে যোগ দেয়। জনগণ আমার পাশে আছে, আমি আত্মবিশ্বাসী।’

আসনটিতে ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় পার্টির (এরশাদ) মো. গোলাম হোসেন, ২০০১ সালে জাতীয় পার্টির (এরশাদ) গোলাম হাবিব দুলাল, ২০০৮ সালে আওয়ামী লীগের মো. জাকির হোসেন, ২০১৪ সালে জেপির (মঞ্জু) রুহুল আমিন, ২০১৮ সালে আওয়ামী লীগের মো. জাকির হোসেন এবং ২০২৪ সালে আওয়ামী লীগের মো. বিপ্লব হাসান পলাশ সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও পড়ুন

×