ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্রাকসু নির্বাচনে ৬ সদস্যের কমিশন গঠন

ব্রাকসু নির্বাচনে ৬ সদস্যের কমিশন গঠন
×

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)

‎বেরোবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ০৫:৪৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের জন্য ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় এ কমিশন গঠন করা হয়।

এতে ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক।

‎কমিশনের সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন– পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহ জামান, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ছাত্র সংসদ পেতে যাচ্ছে বেরোবি। এর আগে ছাত্র সংসদের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন, সংবাদ সম্মেলন ও আমরণ অনশন কর্মসূচি পালন করেছিলেন। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি বেরোবি ছাত্র সংসদ বিধিমালা অনুমোদন করেন।

আরও পড়ুন

×