রাতভর খামারে দুর্বৃত্তের তাণ্ডব কর্মচারী আহত, ক্ষতি ২৫ লাখ
চুনারুঘাটে মাঝ রাতে প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত মুরগির খামার। জমি নিয়ে দ্বন্দ্বের জেরে চালানো হামলায় উপড়ে ফেলা হয়েছে অবকাঠামো। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা -সমকাল
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ০৭:১৩
| প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অপর পক্ষের মুরগির খামার। আহত হয়েছেন দায়িত্বে থাকা এক ব্যক্তি।
হামলায় ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা ছিদ্দিক আলী জানান, শেখপাড়া গ্রামে তাঁর মুরগির খামারে সোমবার রাতে হামলা চালানো হয়। তাঁর সঙ্গে বাসুদেবপুর এলাকার একটি জমি নিয়ে এলাকার কয়েকজনের দ্বন্দ্ব চলমান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার রাতে স্থানীয় এংরাজ মিয়া, নিজাম উদ্দিন, আক্তার মিয়া, ইছাক আলী, সোহাগ মিয়া, আফরোজ মিয়া, হারুন মিয়া, ফরিদ মিয়া, চেরাগ আলী, আরমান মিয়া, তালহা মিয়াসহ আরও কয়েকজন এই হামলার ঘটনা ঘটিয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে কাইছনাজুরি এলাকায় এসে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এ সময় খামারের কর্মচারী আব্দুল আহাদ গুরুতর আহত হন। খামারের পাশাপাশি পাশের একটি বাড়িতেও হামলা চালানো হয় বলে জানা গেছে।
এদিকে এই হামলার ঘটনায় মঙ্গলবার চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন খামার মালিক ছিদ্দিক। হামলাকারীরা তাঁর ফার্মে ভাঙচুর চালিয়েছে। এতে পোলট্রির সরঞ্জাম, ঘরের টিন, দরজা-জানালা ও ফলদ গাছসহ বহু সম্পদ নষ্ট হয়। ঘটনার পর ৯৯৯-এ ফোন করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।
চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে বক্তব্য বা জবানবন্দি নেওয়ার জন্য তাদের বাড়িতে গেলে সেখানে উপস্থিত ছিলেন না তারা।
- বিষয় :
- তাণ্ডব
