অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ | ০৭:৪২ | আপডেট: ০৭ নভেম্বর ২০২৫ | ০৮:০৯
| প্রিন্ট সংস্করণ
জয়পুরহাট সদর উপজেলার চকভারুনিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর ও সভাপতি আব্দুল মতিনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দান বাক্স ও মাদ্রাসার সম্পত্তি থেকে আয়ের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয়রা।
ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এরশাদ হোসেন বলেন, অধ্যক্ষ ও সভাপতি মিলে সম্প্রতি মাদ্রাসায় ভাইস প্রিন্সিপাল ও অফিস সহকারী পদে দুজনকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছেন। গত ২৪ অক্টোবর গোপনে নিয়োগ বোর্ড করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর ২৬ অক্টোবর লিখিত অভিযোগ দিয়েছি। কোনো লাভ হয়নি। নিয়োগ বাতিল করে সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
সদস্য শরিফুল ইসলাম সমকাল প্রতিবেদককে বলেন, সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ অক্টোবরের পর কোনো মাদ্রাসা কমিটি নিয়োগ বোর্ড করতে পারবে না। কিন্তু ২৪ অক্টোবর গোপনে নিয়োগ বোর্ড করা হয়েছে। আমরা অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা আতাউল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসার দান বাক্স ও সম্পত্তির লিজের টাকা অধ্যক্ষ ও সভাপতি মিলে আত্মসাৎ করেছেন। বার্ষিক মাহফিলের আয়-ব্যয়ের হিসাব নিয়েও স্বেচ্ছাচারিতা চলছে। এতে মাদ্রাসার সুনাম নষ্ট হচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আব্দুল গফুর বলেন, নিয়োগসহ সব কার্যক্রম সরকারি নিয়ম অনুযায়ী হয়েছে। মাদ্রাসার উন্নয়নে বাধা দেওয়ার জন্যই একটি মহল এসব অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে কথা বলতে সভাপতি আব্দুল মতিনের মোবাইল ফোনে কল দেওয়া হয়; কিন্তু সাড়া মেলেনি। জেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, অভিযোগ পেয়েছি। শিগগিরই বিষয়টি তদন্ত করা হবে। সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- দুর্নীতির অভিযোগ
