গাজীপুরে অপপ্রচার হয়েছে যৌথ বাহিনীর অভিযান নিয়ে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫ | ০৭:৪৬
| প্রিন্ট সংস্করণ
গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ সাবেক ছাত্রদল নেতা এনামুল হক মোল্লাহকে গ্রেপ্তারের ঘটনায় সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার ভোররাতে গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ ও র্যাবের প্রত্যক্ষ সহায়তায় শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী এবং ডাকাত দলের সর্দার এনামুলকে তাঁর নিজ বাড়ির পানির ট্যাঙ্কের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়। একই সময় তাঁর ছয়জন সহযোগীকেও যৌথ বাহিনী গ্রেপ্তার করে।
তিনি জানান, গ্রেপ্তার এনামুল শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি বরমী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। অভিযানে তল্লাশির সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি ইলেকট্রিক শক মেশিন, চারটি ওয়াকিটকি সেট, দুটি লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এনামুলের বিরুদ্ধে শ্রীপুর থানায় বেশ কয়েকটি ডাকাতি এবং অস্ত্র মামলা রয়েছে।
সেনা ক্যাম্পের অধিনায়ক বলেন, একটি মহল এনামুলকে গ্রেপ্তারের বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়াসহ অপপ্রচার চালানোর চেষ্টা করছে। সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে বা বিপক্ষে নয়। সেনাবাহিনী সব সময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অভিযানের সময় আপনারা অনেকেই এই অভিযানে প্রত্যক্ষদর্শী ছিলেন। কিছু স্বার্থান্বেষী মহল এনামুলের বাসা থেকে ব্যক্তিগত কিছু সরঞ্জাম হারানো গেছে বলে মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা করছে। এ ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- যৌথ বাহিনী
