এখন ঐক্যের সময়, মাঠে থাকতে হবে সবাইকে
বরিশালে ঐক্যবদ্ধ শোভাযাত্রায় মজিবর রহমান সরোয়ারের আহ্বান
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ০৭:১৫
| প্রিন্ট সংস্করণ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘এখন ঐক্যের সময়। সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিতে হবে।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার দুপুরে বরিশাল নগরীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এতে মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেন। বরিশাল-৫ (মহানগর-সদর) আসনে কেন্দ্রঘোষিত প্রার্থী মজিবর রহমান সরোয়ার এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন। একই আসনে দলীয় কয়েকজন নেতা মনোনয়নের দৌড়ে ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিভক্তি দেখা দেয়।
বরিশাল বিএনপিতে বিবদমান সব গ্রুপের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নিয়ে দলীয় ঐক্যের জানান দিয়েছেন বলে নেতারা দাবি করেন। শনিবার সকাল ১০টার পর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে একের পর এক মিছিল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জড়ো হয়। সেখানে সমাবেশ শেষে
নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন। পরে বিশাল শোভাযাত্রা নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে মজিবর রহমান সরোয়ার বলেন, ‘দেশের জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। স্বৈরাচারদের বলে দিতে চাই, নির্বাচন বানচালের চেষ্টা করলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও বিপ্লবের সৃষ্টি হবে।’
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সমাবেশে সভাপতিত্ব করেন। একই কমিটির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চান, আবু নাছের মুহাম্মদ রহমতুল্লাহ, সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, আলহাজ নুরুল আমিন, সাইফুল ইসলাম আব্বাস প্রমুখ।
- বিষয় :
- ঐক্যবদ্ধ
