ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তিন মাসেও পুনঃস্থাপন হয়নি ৩টি ট্রান্সফরমার

তিন মাসেও পুনঃস্থাপন হয়নি ৩টি ট্রান্সফরমার
×

শাহজাহান জনি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ০৭:৩৯

| প্রিন্ট সংস্করণ

গত জুলাইয়ের শেষ দিকে সিদ্ধিরগঞ্জের তিনটি এলাকার বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। এক সপ্তাহের মধ্যে মেরামত করে পুনঃস্থাপন করার কথা বলে সেগুলো খুলে নিয়ে যায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। এরপর তিন মাস পেরিয়ে গেলেও সেগুলো পুনঃস্থাপন করা হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন মক্কীনগর দক্ষিণ হিরাঝিল, আজিবপুরের আইল্লাবন ও আদমজী এলাকার গ্রাহকরা।

এসব এলাকায় এখন পাশের এলাকার ট্রান্সফরমার থেকে বিদ্যুতের লোড দেওয়া হচ্ছে। অতিরিক্তি লোডের কারণে এসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট বেশি হচ্ছে। দিনে ৫-৬ ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। অতিরিক্ত লোডের কারণে বড় ধরনের দুর্ঘটনারও আশঙ্কা করছেন এলাকাগুলোর বাসিন্দারা।
মক্কীনগর দক্ষিণ হিরাঝিল এলাকার বাসিন্দা শাহজাহান বলেন, সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির প্রকৌশলীদের একাধিকবার জানানোর পরও তারা ট্রান্সফরমার দিচ্ছি দেব বলে মাসের পর মাস অতিবাহিত করছেন। কেউ কেউ মনে করেন, এই এলাকার ট্রান্সফরমারটি একটি ১০তলা ভবন 
ঘেঁষা। তাই সংশ্লিষ্টদের ম্যানেজ করে ট্রান্সফরমার বিকলের নাটক সাজিয়ে ভবনের পাশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ শাখার উপসহকারী প্রকৌশলী সানোয়ার হোসেন। তিনি বলেন, ট্রান্সফরমার বিকল হয়েছে। আমরা মেরামতের জন্য পাঠিয়েছি। ঠিক হলেই সেটা পুনরায় ওই ভবনের পাশের পিলারেই স্থাপন করব। 
জানা গেছে, সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির ৮১ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। গত বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় ১০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়। সর্বশেষ ট্রান্সফরমারটি বিকল হয় গত ১ নভেম্বর সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনির সেনাক্যাম্প এলাকায়। এ নিয়ে বিকল ট্রান্সফরমারের সংখ্যা দাঁড়ায় ১১টিতে। এর মধ্যে ৮টি পুনঃস্থাপন করা হয়। তবে মক্কীনগর দক্ষিণ হিরাঝিল, আউল্লাবন ও আদমজী এলাকার ৩টি ট্রান্সফরমার পুনঃস্থাপন করা হয়নি। 

ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী বলেন, আমরা ৮টি ট্রান্সফরমার পুনঃস্থাপন করেছি। এখনও তিনটি পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। ওই তিনটিসহ ১৮টি ট্রান্সফরমারের চাহিদা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। ডিসেম্বরের মধ্যেই এই ১৮টি ট্রান্সফরমার স্থাপন করতে সক্ষম হব। 

আরও পড়ুন

×