সৈকতের পাশে হোটেলের নির্মাণকাজ বন্ধে দুই সচিবকে বেলার চিঠি
কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী এলাকায় সরকার ঘোষিত ‘ নো ডেভেলপমেন্ট জোন’-এ বিশাল এলাকাজুড়ে টিনের ঘেরা দিয়ে ১৪ তলা হোটেলের নির্মাণকাজ চলছে। সম্প্রতি তোলা সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ২১:৪২ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ২১:৪২
কক্সবাজার সৈকতের নো ডেভেলপমেন্ট জোনে ১৪ তলা হোটেল নির্মাণ বন্ধ করতে দুই সচিবসহ আট কর্মকর্তাকে চিঠি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। একই সঙ্গে নো ডেভেলপমেন্ট জোনে স্থাপনা নির্মাণের বিষয়ে দেওয়া সব অনুমোদন বাতিল এবং পুনরায় অনুমোদন দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কক্সবাজার পৌরসভার সমুদ্র তীরবর্তী নো ডেভেলপমেন্ট জোনের ৩০০ মিটার ও পৌরসভাবহির্ভূত নিয়ন্ত্রিত জোনের ৫০০ মিটার এলাকায় পর্যাপ্ত সংখ্যক ঝাউ বৃক্ষরোপণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
এই চিঠি বুধবার ডাকযোগে পাঠানো হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ২০১৩ সালের ৬ মে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ‘ডেভেলপমেন্ট প্ল্যান ফর কক্সবাজার টাউন অ্যান্ড সি-বিচ আপ টু টেকনাফ’ নামে মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। এই মহাপরিকল্পনা অনুযায়ী কক্সবাজার পৌরসভা এলাকায় জোয়ার-ভাটার মধ্যবর্তী লাইন থেকে সৈকতসংলগ্ন প্রথম ৩০০ মিটার ‘নো ডেভেলপমেন্ট জোন’ হিসেবে চিহ্নিত করা হয়। এখানে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। কিন্তু ১০০ মিটারের মধ্যে অবৈধভাবে ‘ছুটি বে’ নামে সাততারকা মানের হোটেল নির্মাণ হচ্ছে। সামাজিক মাধ্যমে এই হোটেলের প্রচারণাও চালাচ্ছে প্রতিষ্ঠানটি। বলা হয়েছে, এখানে হচ্ছে দেশের প্রথম সাততারকা মানের হোটেল। মাত্র দুই লাখ টাকায় এ হোটেলের মালিকানায় অংশীদার করা হবে। এ ছাড়া নানা সুযোগ-সুবিধার কথা জানিয়ে হোটেলের অংশীদারিত্ব বিক্রির চমকপ্রদ প্রচার চলছে।
চিঠির বিষয়টি নিশ্চিত করে বেলার আইনজীবী জাকিয়া সুলতানা সমকালকে বলেন, সমুদ্র ও সৈকতের সংবেদনশীল পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থাকে হুমকিতে ফেলে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
- বিষয় :
- হোটেল
- সমুদ্র সৈকত
