অবহেলিত নিঝুম দ্বীপে স্বাস্থ্যসেবায় নটরডেমিয়ানরা
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ | ২১:৩৭
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপবাসীর জন্য ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন।শুক্রবার দিনব্যাপী দ্বীপবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার মাপা হয়েছে।
নিঝুমদ্বীপের বন্দরটিলা এলাকার নিঝুম ড্রিমল্যান্ড রিসোর্টে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামুল্যে সরবরাহ হয়। ক্যাম্পে ডায়াবেটিস, মেডিসিন, হৃদরোগ, বাতব্যাথা ও চর্মরোগের চিকিৎসা দেওয়া হয়।
প্রাক্তন নটরডেমিয়ান ও জাতীয় হৃদরোগ ইনিস্টিউটের সহকারী রেজিস্ট্রার ডা. শাকিল আরিফ চৌধুরী, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল হালিম ও বাতব্যাথা রোগ বিশেষজ্ঞ ডা. দলিলুর রহমান রোগী দেখেন।
এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে কয়েকজন প্রাক্তন নটরডেমিয়ান মেজর আব্দুল্লাহ সায়মন, আসিফুর রহমান, আহমেদ সারোয়ার ভূঁইয়া, জাতীয় সংবাদ মাধ্যমের কয়েকজন, স্থানীয় সংগঠক ইলিয়াস মাহমুদ, আশিক ও স্বেচ্ছাসেবীরা এ চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন।
ক্যাম্পে উপস্থিত বক্তারা বলেন, উপকূলের লাখো মানুষের জীবন কেড়ে নেওয়া ৭০ এর ভয়াল ঘূর্ণিঝড় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রাণঘাতী ঘূর্ণিঝড়। এ ঘূর্ণিঝড়ের কবলে হাতিয়ার নিঝুম দ্বীপ সম্পূর্ণ জনমানব শূন্য হয়ে গেলেও বর্তমানে প্রায় ত্রিশ হাজার মানুষের বসবাস। এই দ্বীপের দরিদ্র মানুষগুলো প্রতিনিয়ত ঝড়-ঝঞ্ঝা, বৈরী প্রতিকূলতা, জলোচ্ছ্বাস, বহুমুখী দুর্যোগের সঙ্গে বাস করেন। দুর্গম এলাকা হওয়ায় দ্বীপবাসী চিকিৎসাসহ মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।
উপস্থিত রোগীরা তাদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মেডিকেল ক্যাম্প
