পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, পুলিশের দুই সদস্য ক্লোজড
আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে গেছে। ছবি: সমকাল
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ১৬:৫৮ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ১৭:০৬
পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে দায়িত্ব অবহেলার কারণে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
জানা যায়, পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে শুক্রবার গভীর রাতে লাগিয়ে দেয় দৃর্বৃত্তরা। আগুনে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে গেছে। পরে আগুন আপনা-আপনি নিভে যায়।
শহীদ মিনার এলাকায় দায়িত্বরত পিরোজপুর পৌরসভার কর্মচারী সাদি সেখ জানান, শনিবার সকালে শহীদ মিনার এলাকায় এসে দেখেন স্মৃতিস্তম্ভে আগুনে পুড়ে কিছু অংশ কালো হয়ে গেছে। বিষয়টি পৌরসভার কর্মকর্তাদের জানানো হয়।
তিনি আরও জানান, রাতে শহীদ মিনার এলাকায় কেউ দায়িত্বে ছিলেন না। তবে খোঁজ জানা গেছে, রাত ২টার পরে যে কোনো সময়ে এ আগুন লাগানোর ঘটনা ঘটে। স্মৃতিস্তম্ভের গায়ে একটা কাপড় লাগিয়ে তাতে আগুন দেওয়া হয়েছে, এ রকম চিহৃ পাওয়া গেছে। আগুনে স্মৃতি স্তম্ভের কাপড় লাগানো অংশ পুড়ে গেছে। পরে আবার এমনিতেই আগুন নিভে গেছে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনাস্থলের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুর ইসলাম কিসমত বলেন, এটি ফ্যাসিষ্ট আওয়ামী লীগের কাজ। তারা বিগত দিনে সরকারে থাকা অবস্থায় নিজেরা আগুন সন্ত্রাস করে তখন বিএনপি-জামায়াতের ওপর দোষ চাপাতো। এখন তারাই আবার বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস করে দেশে একটা অস্থির পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এদিকে, পিরোজপুর জেলা শহরে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পিরোজপুর পৌর শাখা নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘জাতির ইতিহাস, সংস্কৃতি ও ত্যাগের প্রতীক কোনো স্মৃতিস্তম্ভে হামলা দেশের মূল্যবোধ ও সামাজিক স্থিতিশীলতার ওপর আঘাতস্বরূপ। এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
- বিষয় :
- পিরোজপুর
- জুলাই স্মৃতিস্তম্ভ
- আগুন
- পুলিশ
