শাকসু নির্বাচনের তপশিল ঘোষণা রোববার, ভোট ১৭ ডিসেম্বরই হবে: উপাচার্য
শাকসু নির্বাচন নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে উপাচার্যের বৈঠক। ছবি: সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ০০:১৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ | ০২:৫৪
আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের পর আগামীকাল রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তপশিল ঘোষণার কথা জানিয়েছেন উপাচার্য ড. এএম সারওয়ার চৌধুরী। আজ শনিবার রাত ১০টায় অনুষ্ঠিত বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচন ১৭ ডিসেম্বর হবে।
উপাচার্য বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করা হবে। রোববার রোড ম্যাপ ঘোষণা হবে। তিনি জানান, কিছু শিক্ষার্থী ৮–১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও নির্বাচন কমিশনের প্রস্তুতির জন্য আরও সময় প্রয়োজন। তবে নির্বাচনের তারিখ নিয়ে আন্দোলনকারীরা খুশি নয় বলে জানা গেছে।
বৈঠকে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সেলিম।
কোষাধ্যক্ষ ড. ইসমাইল হোসেন বলেন, ‘চূড়ান্ত ভোটার তালিকা, প্রার্থী তালিকা প্রকাশ ও ভোট গ্রহণের জন্য ওএমআর প্রস্তুতসহ বেশ কিছু কাজ বাকি আছে। কমিশনের টেকনিক্যাল টিম জানিয়েছে, ৮ ডিসেম্বর নির্বাচনের জন্য তারা প্রস্তুত নয়। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা কারও দাবির প্রতি বিরূপ নই এবং কারো দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করিনি। তবে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় প্রস্তুতির সময় দিতে হবেই।’
বৈঠকে ছাত্রশিবির, ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন, ১৭ ডিসেম্বর মাথায় রেখে তারা পরবর্তী কর্মসূচিতে যেতে পারেন। তারিখের বিষয়ে তাদের এখনো আপত্তি রয়েছে।
