চাঁদপুর-৪ আসনে শাপলা কলির প্রার্থী হতে চান যুবশক্তি নেতা তানিম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫ | ১৩:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪, ফরিদগঞ্জ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জুলাই যোদ্ধা ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মেহেদী হাসান তানিম। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরম সংগ্রহ করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন তানিম। আন্দোলনের নেতৃত্ব দেন ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থান কুড়িল, বসুন্ধরা ও রামপুরা এলাকায়। জুলাই-২৪ এর আন্দোলনে সম্মুখসারিতে নেতৃত্ব প্রদানকালে তিনি গুলিবিদ্ধ হন।
এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক তানিমের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বর্ডার বাজার এলাকায়। পরিবারে তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়।
এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মেহেদী হাসান তানিম নিজ এলাকার সংসদীয় আসন চাঁদপুর-৪, ফরিদগঞ্জ উপজেলার ভোটারসহ আপামর জনসাধারণের নিকট দোয়া চেয়েছেন।
