এক্সপ্রেসওয়ে ও মহাসড়কসহ মুন্সীগঞ্জের বিভিন্ন পয়েন্টে কড়া নিরাপত্তা ব্যবস্থা
কাজী সাব্বির আহমেদ দীপু, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১০:১৯
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশের মতো ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসক মুন্সীগঞ্জের আভ্যন্তরীণ সড়কগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা।
রোববার সন্ধ্যার পর থেকে কড়া নিরাপত্তা জোরদার করা হয়। এছাড়া তাদের সহযোগিতায় এক্সপ্রেসওয়ের শ্রীনগর ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ায় সেনাবাহিনীর পৃথক চৌকস টিম কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে মুন্সীগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা সমকালকে নিশ্চিত করেছেন। এছাড়া বাংলাদেশ বর্ডার গার্ড এর সদস্যরাও এক্সপ্রেসওয়ে টহল কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহাম্মাদ শামসুল আলম সরকার সমকালকে জানান, জেলার ৬টি উপজেলার একাধিক পয়েন্টে নিরাপত্তা চৌকি বসিয়ে সতর্ক অবস্থান নিয়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো যানবাহন বা যাত্রীদের মধ্যে যাদের সন্দেহজনক মনে হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদসহ তল্লাশি চালানো হচ্ছে। তবে রাত ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ হিসেবে আজ সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। রায় ঘোষণার আগে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে দুই দিনের (১৬–১৭ নভেম্বর) ‘কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ।
