সীতাকুণ্ড
মব সৃষ্টি করে লোহার ডিপো থেকে মালপত্র লুট
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ | ২১:৫০
চট্টগ্রামের সীতাকুণ্ডে মব সৃষ্টি করে একটি লোহার ডিপো থেকে স্ক্র্যাপ লোহার মালপত্র লুটের অভিযোগ উঠেছে। এ সময় হামলায় আহত হন পাঁচ ব্যবসায়ী। তাদের দাবি, ১০ লাখ টাকার চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে এ হামলা হয়েছে।
গত বুধবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ পেট্রোল পাম্পের উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমে লোহার স্ক্র্যাপ ডিপোতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে শফিউল আলম নামের এক ব্যবসায়ী চোখে গুরুতর আঘাত পেয়েছেন।
তিনি ও জায়নাল আবেদীন নামের এক চা দোকানিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার শফিউলের চোখে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা জানান, তিনি ডান চোখে আর দেখতে পাবেন না। ভাঙা পায়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এ ছাড়া আহত মহিউদ্দিন, সালাহ উদ্দিন ও নাছিম উদ্দিন নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সকালে সাহাব উদ্দিন, মান্নান ও হান্নানের নেতৃত্বে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ও উপজেলার কুমিরা এলাকার ২৫ থেকে ৩০ জনের অস্ত্রধারী এ হামলা চালায়। এ সময় ডিপোতে থাকা ব্যবসায়ীরা আহত হন।
তাদের দাবি, দুর্বৃত্তরা ডিপোর ৩০ লাখ টাকার স্ক্র্যাপ লোহা লুট করে নিয়ে গেছে। পরে সীতাকুণ্ড থানার পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
আহত শফিউল এ প্রতিবেদককে বলেন, ‘আমার ভাই ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগ রাজনীতিতে সম্পৃক্ত। কিন্তু আমরা তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।’
অভিযুক্ত সাহাব উদ্দিন বলেন, ‘২০০৫ সালে চুক্তিভিত্তিক জায়গাটি ভাড়ায় নিয়েছিলেন শফিউল আলম। আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ভাড়া দেয়নি। ক্ষমতার জোর দেখিয়েছে। আমরা তা উদ্ধার করেছি।’
সীতাকুণ্ড মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইদ্রিছ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ টিম নিয়ে গিয়েছিলাম। কাউকে পাওয়া যায়নি। শুনেছি, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ঘটনা সম্পর্কে অবগত নই। ক্ষতিগ্রস্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
