ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তিন গরু চোরকে পিটুনি, পিকআপ ভ্যানে আগুন

তিন গরু চোরকে পিটুনি, পিকআপ ভ্যানে আগুন
×

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ০৭:১৯

| প্রিন্ট সংস্করণ

জামালপুরে গরু চুরি করতে গিয়ে পিটুনির শিকার হয়েছে চোর চক্রের তিন সদস্য। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় চোর চক্রের ব্যবহৃত পিকআপ ভ্যানটি আগুনে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। গত বুধবার গভীর রাতে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতুলকুর্শা গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গত বুধবার গভীর রাতে শরিফপুর ইউনিয়নের শীতুলকুর্শা গ্রামে পিকআপ ভ্যান নিয়ে প্রবেশ করে গরু চোর চক্রের সদস্যরা। পরিকল্পনা অনুযায়ী গ্রামের কয়েকটি বাড়ির গোয়াল ঘরে ঢোকার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের নজরে পড়লে চোরদের ধাওয়া করে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী চারদিক ঘিরে তিন চোরকে ধরে ফেলে। ঘটনার সময় চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করলেও গ্রামের শেষ প্রান্তে বিলের ধারে আটকে যায়। এ সময় জনতা ধাওয়া করে চোর চক্রের সদস্যদের ধরে ফেলে। তারা হলো টাঙ্গাইল মির্জাপুর উপজেলার ফতেপুর গ্রামের রাসেল মিয়া, শেরপুরের শ্রীবরদী উপজেলার কালিয়াচন্ডী গ্রামের বেলাল মিয়া ও নালিতাবাড়ী উপজেলার বারমারী গ্রামের সোহেল মিয়া।

বিক্ষুব্ধ এলাকাবাসী আটক চোরদের পিটুনি ও পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর সদর থানা পুলিশের একটি দল। তারা আহত তিন চোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় গরু চুরি বেড়েছে। এ ব্যাপারে থানায় একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে নিজেরাই রাত জেগে গরু পাহারা দিচ্ছেন। গরু চুরি বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
শরিফপুর ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রশীদ দুলাল বলেন, চোরেরা গ্রামে কৃষকের গোয়াল ঘরে ঢুকতেই কয়েকজনের চোখে পড়ে। পরে ধাওয়া দিলে তারা পিকআপ নিয়ে পালাতে গিয়ে কাদা-মাটিতে আটকে যায়। এ সময় জনতা তাদের ধরে ফেলে।

জামালপুর সদর থানার ডিউটি অফিসার এএসআই ফাতেমা খাতুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন চোরকে জনতার রোষানল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। আটক সোহেল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে পুলিশ পাহারায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×