ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপের মামলায় গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ২১:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেটে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, হামলার ঘটনার পরপরই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানার সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান শুরু হয়। এ অভিযানে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট চারজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তাররা হলেন মো. মাসুদ রানা (৪৫), আরিফ (৩০), বিপুল (২১) এবং মো. রাজন (১৯)।
আব্দুল্লাহ আল মামুন আরও জানান, এই হামলায় জড়িত অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টায় এই হামলার ঘটনা ঘটে।
