‘সরকার উগ্র গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে পড়ছে’
বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন করে নারায়ণগঞ্জ সাংস্কৃিতক জোট সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ০৭:১৯
| প্রিন্ট সংস্করণ
সরকার এক শ্রেণির উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে ক্রমান্বয়ে জিম্মি হয়ে পড়ছে। এ গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও মানবতাবিরোধী তৎপরতায় লিপ্ত থাকলেও সরকারের নির্লিপ্ততায় আজ দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। মানিকগঞ্জের বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দীনা তাজরীনের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সংগঠনের সহসভাপতি ধীমান সাহা জুয়েল, সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাউল শিল্পী ফকির শাহ্ জালাল প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভিন্ন মতকে দমনের যে উগ্রবাদী পথে ধাবিত হচ্ছে, তাতে সাধারণ জনগণ আতঙ্ক বোধ করছে। সংবিধান রাষ্ট্রের সব মানুষর চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিতের কথা বললেও তা বারবার লঙ্ঘিত হচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে সব মত ও পথের স্বাধীনতা নিশ্চিতের আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র-জনতার চব্বিশের অভ্যুত্থানের অর্জন আজ ধূলিসাৎ হতে চলেছে। বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার আগের ফ্যাসিবাদী সরকারের ধারাবাহিকতাকে স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ভিন্ন মতকে দমনের এ হীন অপতৎপরতা নির্বাসিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার পথ তৈরি করছে।
কর্মসূচিতে অন্য বক্তারাও আবুল সরকারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ শিল্পীর দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার রাতে মাদারীপুরের রাজৈরে একটি গানের অনুষ্ঠান থেকে আবুল সরকারকে আটক করে ডিবি পুলিশ। পরদিন সকালে তাঁকে মানিকগঞ্জে ডিবি অফিসে নিয়ে আসা হয়। এদিন সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে ওইদিন দুপুরে মানিকগঞ্জের ঘিওর থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়।
আবুল সরকারের বিরুদ্ধে ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি মেলায় পালা গানের আসরে ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। তাঁর এসব বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে মানিকগঞ্জে।
- বিষয় :
- বাউল গানের অনুষ্ঠান
